নেপালে ভূমিকম্পে দুর্গত মানুষকে সহায়তা করছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে নেপালে ১০ হাজার পিস তৈরি পোশাক পৌঁছে দেওয়া হয়েছে। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ও সহসভাপতি শহিদউল্লাহ আজিম গত শুক্রবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ২০০ কার্টন তৈরি পোশাক নিয়ে কাঠমান্ডু পৌঁছান। বিজিএমইএর দেওয়া তৈরি পোশাকসামগ্রীর মধ্যে আছে সোয়েটার, নারী ও পুরুষের প্যান্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম জিনস প্যান্ট ও শিশুদের পোশাক। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শহিদউল্লাহ আজিম বলেন, শিগগিরই বিজিএমইএর পক্ষ থেকে আরও ত্রাণসামগ্রী নেপালের দুর্গত মানুষের জন্য পাঠানো হবে। এ জন্য সংগঠনের সদস্যদের সাধ্যমতো সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।