
পনির আমদানিতে এখন থেকে ২০ শতাংশ হারে শুল্ক দিতে হবে। একই সঙ্গে কীটনাশকের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। কৃষিভিত্তিক খাদ্য সংরক্ষণ কাজে ব্যবহৃত কোল্ডস্টোরেজ ফ্রিজারের জন্য রেয়াতি হারে আমদানির সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কোল্ডস্টোরেজ চিলার আমদানিতে মোট করভার ৩৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
বাজেট বক্তৃতায় বলা হয়, মাখন ও পনির সমজাতীয় পণ্য। মাখন আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক বিদ্যমান থাকলেও পনির আমদানিতে সম্পূরক শুল্ক আরোপিত নেই। তাই পনির আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।
বাজেটে বলা হয়, কৃষি ও খাদ্যশিল্পে ব্যবহার্য কোল্ডস্টোরেজ ফ্রিজার এবং চিলারের ওপর উচ্চ হারে আমদানি শুল্ক বিদ্যমান রয়েছে। ফলে দেশীয় কৃষিজাত পণ্য সংরক্ষণের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক প্রস্তুতে ব্যবহৃত কতিপয় কাঁচামালের বিদ্যমান রেয়াতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।