অনলাইনে রিয়্যালটাইম কোর ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

পল্লী সঞ্চয় ব্যাংক ৮% সুদে ঋণ দেয়

পল্লী সঞ্চয় ব্যাংক ৮ শতাংশ সুদে ঋণ দেয়। দেশে খুব কম ব্যাংকই আছে এত কম সুদের হারে ঋণ দেয় বা দিতে পারে।

সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার পল্লী সঞ্চয় ব্যাংকের অনলাইনে রিয়্যালটাইম কোর ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলা হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কার্যক্রম উদ্বোধন করেন। অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মো. ইউনুসুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’-এর আওতায় সারা দেশের মানুষকে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। সবাই যেহেতু প্রকল্পের আওতাভুক্ত হয়নি, তাই এটি এখনো আছে। তবে ২০২১ সালের পরে এটির আর দরকার পড়বে না।

গ্রামীণ ব্যাংকের নাম উল্লেখ না করে অর্থমন্ত্রী বলেন, ‘আমার সৌভাগ্য যে দুটি ব্যাংকের উদ্বোধনীতে আমি ছিলাম। এর মধ্যে একটির উদ্বোধন হয় ১৯৮৩ সালে।’

১৯৮৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের মানুষের মধ্যে সঞ্চয়মুখী মনোভাব গড়ে উঠেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এটা দেশের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন।

পল্লী সঞ্চয় ব্যাংকের মোট ৪৮৫ শাখাকে কয়েক দিনের মধ্যেই অনলাইনে রূপান্তর করা হচ্ছে এবং এটা খুবই ভালো খবর বলে অভিবাদন জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, অন্য কোনো ব্যাংক এত বড় কার্যক্রম হাতে নিতে পারেনি।

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার বলেন, ব্যাংকটির দুটি বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে সব কটি শাখা নিজস্ব জায়গার ওপর, অন্যটি হচ্ছে আগামী তিন মাসের মধ্যে সব শাখা অনলাইনের আওতায় আসবে।

অনুষ্ঠানে জানানো হয়, দারিদ্র্য দূরীকরণে গ্রামের প্রতিটি বাড়িতে একটি করে খামার গড়ে তোলা হবে—এটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন এবং তা বাস্তবায়নেই হাতে নেওয়া হয় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প। একই উদ্দেশ্যে পরে করা হয় পল্লী সঞ্চয় ব্যাংক।

দেশে মোট ৪০ হাজার ২১৫টি সমিতির মাধ্যমে ২২ লাখ সুবিধাবঞ্চিত পরিবারকে সংগঠিত করা হয়েছে বলে জানান মিহির কান্তি মজুমদার। তিনি আরও জানান, প্রকল্পের আওতায় ২০১২-১৩ অর্থবছরে ৩৭৯ কোটি টাকা সদস্যদের সঞ্চয় ছিল। ২০১৬-১৭ অর্থবছরে সঞ্চয়ের পরিমাণ ১ হাজার ১৪২ কোটি টাকায় উন্নীত হয়।

প্রধানমন্ত্রী প্রথম দফায় ১০০ শাখা নিয়ে ২০১৬ সালের ২২ জুন পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন।