বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ

পশ্চিমবঙ্গে সাড়ে তিন লাখ কোটি রুপির বিনিয়োগ প্রস্তাব

আগামী ১০ বছরে কলকাতায় বিভিন্ন শিল্পে ১০ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। দুই দিনব্যাপী ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের এ ঘোষণা দিয়েছেন গ্রুপটির কর্ণধার গৌতম আদানি। গত বৃহস্পতিবার রাতে এ সম্মেলন শেষ হয়েছে।

সম্মেলনের শেষ দিনে সমাপনী বক্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এবারের সম্মেলনে সব মিলিয়ে পশ্চিম বাংলায় বিভিন্ন শিল্পে ৩ লাখ ৪২ হাজার ৩৭৫ কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। তিনি বলেন, ‘এসব বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী ১০ বছরের মধ্যে সব রাজ্যকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসবে পশ্চিম বাংলা। আর এসব বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হবে প্রায় ৪০ লাখ মানুষের। এবারের বিশ্ববঙ্গ সম্মেলন প্রমাণ করেছে, কেন আমরা “ডেস্টিনেশন বাংলা” কথাটার ওপর এত জোর দিচ্ছি।’

গত বুধবার এই বিশ্ববঙ্গ সম্মেলন শুরু হয়।দুই দিনের এ সম্মেলনে ৪২টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন দেশের সঙ্গে শিল্পে বিনিয়োগসংক্রান্ত ১৩৭টি সমঝোতা চুক্তি বা এমওইউ স্বাক্ষরিত হয়, যা বিশ্ববঙ্গ সম্মেলনের ইতিহাসে সর্বোচ্চ। এ কারণে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে এক ঐতিহাসিক ’বিনিয়োগ উৎসব’ বলে অভিহিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী বছর এই সম্মেলন হবে তিন দিনব্যাপী। আগামী বছরের ১ থেকে ৩ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে এই সম্মেলন বন্ধ ছিল। পশ্চিম বাংলায় এ সম্মেলন শুরু হয় ২০১৫ সালে।

এদিকে বিপুল বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলেও সেগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিজেপির দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। তিনি বলেন, সরকার বারবার বিনিয়োগ প্রস্তাবের কথা বলছে, কিন্তু এসব প্রস্তাবের কতটুকু বাস্তবায়িত হয়েছে, তার কথা বলছে না। এবার সেটা রাজ্যবাসীকে বলুক।

তবে সম্মেলনে অংশ নিয়ে আদানি শিল্পগোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ঘোষণা দেন, তাঁর প্রতিষ্ঠান আগামী ১০ বছরে এই রাজ্যে ১০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে। এ ছাড়া ৮ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছে এইচপিসিএল, ৫ হাজার কোটি রুপি করে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে জেএসডব্লিউ সংস্থা ও বেঙ্গল গ্যাস, দেড় হাজার কোটি রুপি বিনিয়োগ করবে ওএনজিসি, দেড় হাজার কোটি রুপি বিনিয়োগ করবে হিরাননান্দি শিল্পগোষ্ঠী, ১ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে টেকনো ইন্ডিয়া গোষ্ঠী। এর বাইরে এ রাজ্যের বিভিন্ন শিল্পে বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট, আইবিএম, কেএফডব্লিউ, টাটা, হিটাচি, গেইনওয়েল, বিগডাচম্যান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা।

এবারের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশও পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী। বৃহস্পতিবার কলকাতায় ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক সেমিনারে তিনি বলেন, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য আগামী ৫ বছরে বেড়ে ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারে দাঁড়াবে। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদীর্ঘকালের। তাই দুই দেশের বাণিজ্যের পরিমাণও দিন দিন বাড়ছে।’