বিদেশি মুদ্রার সংকট

পাকিস্তানেও কমছে রুপির মান, ২০৩ রুপিতে ১ ডলার

দক্ষিণ এশিয়া বিদেশি মুদ্রার সংকট প্রবল হচ্ছে। ডলারের বিপরীতে ধারাবাহিকভাবে কমছে কয়েকটি দেশের স্থানীয় মুদ্রার মান। বাংলাদেশে প্রায় প্রতিদিনই ডলারের বিপরীতে টাকার মান হ্রাস করা হচ্ছে। ওদিকে পাকিস্তানি রুপিরও অবমূল্যায়ন হচ্ছে। মঙ্গলবার পাকিস্তানে আন্তব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিনিময়মূল্য ২০৩ রুপি ছাড়িয়ে গেছে। দেশটির অন্যতম সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডনের প্রতিবেদনে তুলে ধরা বিশ্লেষকদের পূর্বাভাসে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণ আলোচনার ফয়সালা না হওয়া এবং তেলের মূল্য পরিশোধ ও অন্যান্য পণ্য আমদানির জন্য ডলার বেরিয়ে যাওয়া অব্যাহত থাকায় রুপির পতন অব্যাহত থাকবে।

ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (এফএপি) তথ্যানুসারে, মঙ্গলবার পাকিস্তানের বাজারে গ্রিনব্যাক বা মার্কিন ডলারের মান ২ দশমিক ৮০ রুপি বেড়ে ২০৩ রুপিতে পৌঁছেছে, যা আগে ছিল ২০০ দশমিক ২০ রুপি।

সোমবার পাকিস্তানে ডলারের দর ২০০ রুপি ছাড়িয়ে যায়। মঙ্গলবার দিনের শুরুতে ডলারের বিপরীতে রুপির পতন শুরু হয়। এর প্রতিক্রিয়ায় এফএপির চেয়ারপারসন মালিক বোস্তান ও এক্সচেঞ্জ কোম্পানি অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের সাধারণ সম্পাদক জাফর পারাচা বলেন, ‘গতকাল ছিল জ্বালানি তেলের মূল্য পরিশোধের ধার্য দিন, তাই ডলারের চাহিদা বেড়েছে।’ পারাচা আরও দাবি করেছেন, ব্যাংকগুলো ডলার নিয়ে কারসাজি করায় স্থানীয় মুদ্রার মান কমছে।

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা চেজ ম্যানহাটনের সাবেক ট্রেজারি প্রধান আসাদ রিজভি ওয়েবভিত্তিক আর্থিক তথ্য বিশ্লেষণকারী পোর্টাল মেটিস গ্লোবালকে বলেন, সামনে পাকিস্তানের বাজেট, ফলে অর্থনীতিতে কিছু চাঞ্চল্য আছে। সেই সঙ্গে আইএমএফের কাছে পাকিস্তান যে ঋণ আবেদন করেছে, তা অনুমোদন না হওয়া পর্যন্ত পরিস্থিতি খারাপ থাকবে।

আসাদ রিজভি আরও বলেন, পাকিস্তানি অর্থনীতির বহিঃস্থ খাতে চাপের কারণে গত বৃহস্পতিবার ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস পাকিস্তানের ঋণমান স্থিতিশীল থেকে নেতিবাচক পর্যায়ে নামিয়ে এনেছে। আর বাজারের প্রতিক্রিয়ায় মুদ্রার মান হ্রাস পেয়েছে-মধ্যপ্রাচ্যে কাজের বাজার বন্ধের ফলেও চাপ বেড়েছে।

মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসির দ্য ডনকে বলেছেন, বিদেশি ঋণ পরিশোধ চলমান, আমদানিও বন্ধ নেই, কিন্তু বিদেশি মুদ্রার প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তা আছে। আবার আইএমএফের ঋণচুক্তিও অনিশ্চিত। এসব কারণে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন হয়েছে। তবে আইএমএফ বা অন্যান্য দেশ থেকে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক ঘোষণা এলে বিনিময় হার স্থিতিশীল হতে পারে বলে মনে করেন তিনি।

আর্থিক সেবাদানকারী পাকিস্তানি প্রতিষ্ঠান ট্রেসমার্কের গবেষণা প্রধান কোমল মনসুর দ্য ডনকে বলেন, কিছু বকেয়া পরিশোধের বিষয় আছে, যেমন লভ্যাংশ ফেরত পাঠানো, ঋণ পরিশোধ ইত্যাদি-জুন মাসের মধ্যে এসব নিষ্পত্তি করা প্রয়োজন। এসব কারণে আগামী কয়েক সপ্তাহ স্থানীয় মুদ্রার ওপর চাপ অব্যাহত থাকবে।