দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ক্ষমতায়নে একটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)।
রানা প্লাজা ধসের দুই বছর পূর্তির দিনে ২৪ এপ্রিল তিন বছর মেয়াদি এ কর্মসূচি ঘোষণা করে যুক্তরাষ্ট্রের এ সংস্থাটি। এর আওতায় দেশের কারখানায় শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন এবং নারীর ক্ষমতায়নে সহযোগিতা করা হবে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ইউএসএআইডি বলছে, নতুন এ কর্মসূচির লক্ষ্য হলো স্বাধীন শ্রমিক সংগঠনের দক্ষতা বাড়ানো, বিশেষ করে নারী শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, কর্মসংস্থান এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
এ প্রসঙ্গে ইউএসএআইডির এশিয়াবিষয়ক সহকারী প্রশাসক জোনাথন স্টিভার্স বলেন, এ কর্মসূচি মৌলিক শ্রম অধিকার, কর্মস্থানের নিরাপত্তা ও স্বাস্থ্যকর পরিবেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের সদিচ্ছাই প্রকাশ করে যেন রানা প্লাজার মতো দুর্ঘটনা রোধ করা যায়।