
বাংলাদেশের সামাজিক নিরাপত্তাব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকার ২০১৫ সালে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র (এনএসএসএস) প্রণয়ন করেছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল শতাধিক সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে সাত থেকে আটটি প্রধান কর্মসূচিতে নিয়ে আসা।
কিন্তু সেটি হয়নি এবং এর বাস্তবায়নও ধীর। অনেক কর্মসূচি আছে খুবই ছোট। অনেক সময় বরাদ্দও থাকে না এগুলোতে। এদিকে উপকারভোগীর সঠিক পরিসংখ্যান নেই অর্থাৎ কত লোক এ খাতের আওতায়, তা জানাও কঠিন। সরকারের পক্ষ থেকে এ খাতে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশের বেশি দেখানো হচ্ছে।
যদি মূল সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে ধরা হয়, তাহলে এ বরাদ্দ জিডিপির ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৭ শতাংশের বেশি হবে না। আসলে সরকারের প্রবণতা হচ্ছে এ খাতকে বড় করে দেখানো।
খাতটির খুবই বাজে অবস্থা চলছে দেশে। খুব কম লোকই জানেন এর প্রকৃত চিত্র। এই বেষ্টনীর আওতায় ১২৩টি বিষয় বা কর্মসূচি আছে, যার কোনো মানে নেই। তবে আগে আরও বেশি ছিল। ২৩ থেকে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে এগুলো বাস্তবায়নের দায়িত্বে।
বিষয় ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর—দুই দিক থেকে গোটা বিশ্বেই এটা এক বিরল ঘটনা। একদিকে শিক্ষা বাজেটে সামাজিক নিরাপত্তা বাবদ বরাদ্দ যা দেখানো হচ্ছে, একই বরাদ্দ দেখানো হচ্ছে আবার স্বাস্থ্য বাজেটে। এত কম রাজস্ব আহরণ করেও এত বেশি জিডিপির প্রবৃদ্ধির হার অর্জনের কারণেই সরকার এই কাজ করছে কি না, কে জানে।
বিশ্বের যেসব দেশ এ ব্যাপারে সুনাম কুড়িয়েছে, সেগুলো বিবেচনায় নিলে দেখা যায় ছয় থেকে সাতটির বেশি কোনো কর্মসূচি নেই। ২০১৫ সালে তৈরি এনএসএসএসেও আমরা বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতাসহ কয়েকটির কথাই বলেছিলাম। বলা হয়েছিল একটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) হবে, যার মাধ্যমে পুরো কাজ বাস্তবায়িত হবে।
এমআইএস করা এবং ওই সাত থেকে আটটি মূল সামাজিক নিরাপত্তা কর্মসূচি করা থেকে বাস্তবে আমরা অনেক দূরে আছি। এত যে কর্মসূচির নাম উল্লেখ করছে সরকার, দেখা যাচ্ছে অনেক কর্মসূচিই নামকাওয়াস্তে। ফলে পুরো সামাজিক নিরাপত্তার ব্যয় ও উপকারভোগী নিয়েই দেশের মানুষ বিভ্রান্তিতে আছেন।
*বজলুল হক খন্দকার, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়