
ডলার–সংকটের কারণে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আবার বৈদেশিক মুদ্রা আয়ের বড় দুই খাতের একটি রেমিট্যান্স, তথা প্রবাসী আয়ও নিম্নমুখী। অবশ্য প্রধান খাত পণ্য রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) প্রবৃদ্ধি হয়েছে ৩৪ শতাংশ। এই সময়ে ৪ হাজার ৭১৭ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। সেই সুবাদে পণ্য রপ্তানিতে আয় দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাঁচ হাজার কোটি ডলারের মাইলফলকে পৌঁছার দ্বারপ্রান্তে রয়েছে।
করোনার ধাক্কা কাটিয়ে রপ্তানি খাত যখন ভালোভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে, তখনই এল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিঘাত। ইতিমধ্যে পণ্য রপ্তানির বড় বাজার ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে সেখানকার মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের রপ্তানির ওপর। যেমন গত মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি কমে ২৩ শতাংশে নেমেছে, যা আগের মাস এপ্রিলে ছিল ৫১ শতাংশ। বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, আগামী অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ধরে রাখাটাই হবে মূল চ্যালেঞ্জ।
তিন দশক ধরে দেশের পণ্য রপ্তানির মেরুদণ্ড তৈরি পোশাক খাত। মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি তৈরি পোশাকশিল্প থেকে আসছে। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ ৩ হাজার ৮৫২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এতে প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৮৭ শতাংশ। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ তৈরি পোশাক রপ্তানির রেকর্ড।
সামগ্রিক রপ্তানিতে সরকার যে নগদ প্রণোদনা দিচ্ছে, তার বড় অংশই পায় তৈরি পোশাক। করপোরেট করেও বড় সুবিধা পাচ্ছে খাতটি। বর্তমানে এই শিল্পের পরিবেশবান্ধব পোশাক কারখানা ১০ শতাংশ ও অন্যান্য কারখানা ১২ শতাংশ হারে করপোরেট কর দেয়। যদিও অন্যান্য খাতের করপোরেট কর ৩০ শতাংশ। বস্ত্র খাতে করপোরেট কর ১৫ শতাংশ। আবার পোশাক খাত শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা পেলেও, অন্যান্য শিল্পে সুযোগটি সীমিত।
পোশাকসহ সব খাতের জন্যই রাজস্বসহ অন্যান্য নীতি পাঁচ-সাত বছরের জন্য হওয়া প্রয়োজন। বছর বছর নীতির পরিবর্তন হলে ব্যবসায় পরিচালনা কঠিন হয়ে পড়ে। রপ্তানিতেও প্রবৃদ্ধি ধরে রাখা মুশকিল হয়—মো. ফজলুল হক, সাবেক সভাপতি, বিকেএমইএ।
অন্যান্য রপ্তানিমুখী শিল্পকারখানার উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে পোশাক খাতের মতো সমান সুযোগ দাবি করে আসছেন। তাঁরা বলছেন, পোশাক খাতকে সরকার যেভাবে দুহাত ভরে সুবিধা দিয়েছে, সেভাবে সম্ভাবনাময় অন্যান্য খাতকেও দিলে রপ্তানি নিঃসন্দেহে বাড়বে।
জানতে চাইলে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হক বলেন, রপ্তানিমুখী অন্যান্য শিল্পকেও বন্ড সুবিধা দেওয়া উচিত। পোশাক খাতের আজকের এই অবস্থানে পৌঁছাতে বন্ড সুবিধা অনেক সহায়তা করেছে। বন্ড সুবিধা দেওয়ার প্রসঙ্গ উঠলে অনিয়মের কথা আসে। তবে যেখানেই সুবিধা দেবেন, সেখানেই অনিয়ম হবে। তদারকি করে সেটিকে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আরও বলেন, পোশাকসহ সব খাতের জন্যই রাজস্বসহ অন্যান্য নীতি পাঁচ-সাত বছরের জন্য হওয়া প্রয়োজন। বছর বছর নীতির পরিবর্তন হলে ব্যবসায় পরিচালনা কঠিন হয়ে পড়ে। রপ্তানিতেও প্রবৃদ্ধি ধরে রাখা মুশকিল হয়।
চলতি অর্থবছরে তৈরি পোশাকের পর পণ্য রপ্তানি আয়ে একসঙ্গে শতকোটি ডলার ছাড়িয়েছে চারটি খাত—হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্য। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে ধরা হচ্ছিল চামড়া খাতকে। তবে হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরের চামড়াশিল্প নগরে ট্যানারি স্থানান্তরের পর খাতটি পথ হারিয়ে বসে। পরিবেশদূষণের কারণে ইউরোপ-আমেরিকার ক্রেতারা সরাসরি বাংলাদেশের চামড়া কিনছে না।
এ নিয়ে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চামড়া রপ্তানিতে উৎসে কর দিচ্ছি আমরা। নতুন করে চামড়া সংগ্রহেও ২-৫ শতাংশ উৎসে কর বসানো হয়েছে। এতে আগামী কোরবানিতে চামড়া সংগ্রহে লেজেগোবরে অবস্থা তৈরি হবে। রাজউক হাজারীবাগের ওপর রেড জোন আরোপ করে রেখেছে। সে কারণে সম্পত্তি বিক্রি করতে পারছেন না ট্যানারির মালিকেরা। তাঁরা ঋণের বোঝা ঘাড়ে নিয়ে ঘুরছেন। চামড়া খাতের সমস্যাগুলো সবাই জানেন। দ্রুত সমাধান করলে রপ্তানি বাড়ানো সম্ভব।’
দীর্ঘদিন ধরে নতুন রপ্তানি পণ্য ও বাজার খুঁজে বের করা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে কাজের কাজ কিছু হচ্ছে না। সিরামিক, আসবাব, টুপি, কাঁকড়া, কুঁচে, ওষুধসহ বিভিন্ন খাতে প্রণোদনা দেওয়া হলেও রপ্তানি সেই হারে বাড়ছে না।
বিকেএমইএর সাবেক সভাপতি মো. ফজলুল হক বলেন, ‘আমাদের অধিকাংশ উদ্যোক্তার চিন্তাভাবনায় কেবলই পোশাক। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। রপ্তানি বাড়াতে নতুন সম্ভাবনাময় খাত কী হতে পারে, সেটি খুঁজে বের করে তা তরুণদের জানাতে হবে। সে জন্য বাজেটে একটি প্রকল্প নেওয়া যেতে পারে। এই প্রকল্পের মাধ্যমেই সম্ভাবনাময় পণ্যে কোনো সহযোগিতা লাগলে ব্যবস্থা নিতে হবে।’