বাংলাদেশ ব্যাংকের ছয় মহাব্যবস্থাপকের (জিএম) বিভাগ বদল করা হয়েছে। বর্তমান গভর্নর ফজলে কবির গত ২০ মার্চ যোগ দেওয়ার পর এটাই কেন্দ্রীয় ব্যাংকের প্রথম বদলির ঘটনা।
বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ (এইচআরডি)-১ থেকে গতকাল রোববার এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের জিএম কাজী ছাইদুর রহমানকে কেন্দ্র জ্যেষ্ঠতার ভিত্তিতে রংপুর অফিসে বদলি করার কথা জানানো হয়েছে। এ ছাড়া ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের জিএম জোয়ারদার ইসরাইল হোসেনকে গভর্নর সচিবালয়ে, মানবসম্পদ বিভাগ (এইচআরডি)-২-এর জিএম আজিজুর রহমানকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগে, এইচআরডি-১-এর জিএম কাজী এনায়েত হোসেনকে এইচআরডি-২ বিভাগে, এইচআরডি-১-এর জিএম মো. সহিদুল ইসলামকে ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগে ও বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির (বিবিটিএ) জিএম জামাল মোল্লাকে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে প্রেষণে বদলি করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী পরিদর্শন বিভাগে পাঁচ বছর ও অন্যান্য বিভাগের যেকোনোটিতেই তিন বছরের অধিক কাজ করার সুযোগ নেই। এ নিয়ম আগে অনেক সময়ই মেনে চলা হয়নি।