বাউফলে কর্মসংস্থান ব্যাংকের শাখা চালু

পটুয়াখালীর বাউফল পৌর শহরের দালাল মার্কেটে গতকাল রোববার কর্মসংস্থান ব্যাংকের ১১৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।শাখাটির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ। উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ, বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কাশেম চৌধুরী ও শাখা ব্যবস্থাপক এম এ নাসির, বাউফল উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মৃণাল কান্তি দে, বিআরডিবির চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক উপস্থিত ছিলেন।আ স ম ফিরোজ বলেন, ১৯৯৮ সালে তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করার লক্ষ্যে এ ব্যাংক স্থাপন করেছিলেন। ব্যাংকটি ইতিমধ্যে দেড় লাখ বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং আরও ছয় লাখ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করবে।