বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবম মন্ত্রিপরিষদ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)।
ইন্দোনেশিয়ার বালিতে গত ৩-৭ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আইসিসিবি বলছে, এতে কিছু সীমাবদ্ধতার পরও সাধারণভাবে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর জন্য কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এ জন্য বাণিজ্য সহজীকরণে সম্পৃক্ত সিদ্ধান্তগুলো দ্রুততম ও সঠিক সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশের জন্য প্রাপ্তির বিষয়গুলো চিহ্নিত করতে হবে।
রুলস অব অরিজিনকে কাজে লাগাতে অভ্যন্তরীণ মূল্যসংযোজন ক্ষমতা এবং সরবরাহ ও উৎপাদন ক্ষমতাকে বিবেচনায় নিতে হবে।
আইসিসিবির ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। বুলেটিনটি গতকাল গণমাধ্যমের কাছে পাঠানো হয়।
এতে আইসিসিবি বলছে, বাণিজ্য সহজীকরণের পদক্ষেপগুলো বাণিজ্য অবকাঠামো উন্নয়ন ও রপ্তানি প্রতিযোগিতা উন্নত করার সুযোগ সৃষ্টি করতে পারে। তাই আন্তর্জাতিক অঙ্গন থেকে আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়ার চেষ্টা করতে হবে।
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য সব পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার এখনো হতাশাব্যঞ্জক উল্লেখ করে আইসিসিবির প্রকাশনায় বলা হয়েছে, বালি ঘোষণায় সামান্য হলেও এ ক্ষেত্রে অগ্রগতি আছে।
আইসিসিবি বলছে, বালি গুচ্ছের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নির্ভর করবে বাংলাদেশ সরকার এবং দেশের বেসরকারি খাত কীভাবে পদক্ষেপ নেয়, তার ওপর। তাই এটাও দেখার বিষয় যে কত দ্রুত ও দক্ষতার সঙ্গে সরকার এবং বেসরকারি খাত সুযোগ গ্রহণের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারে।
বাংলাদেশের প্রতিযোগীরা যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, আইসিসিবি সেটাও স্মরণ করিয়ে দিয়েছে।