ভারতের টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) কাছে অব্যবহূত ব্যান্ডউইথ বিক্রি করবে বাংলাদেশের বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
সোমবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বলে জানিয়েছে বিএসসিসিএল। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সমঝোতা স্মারক অনুযায়ী, প্রাথমিকভাবে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট (জিবিপিএস) ডেটা ট্রান্সফারসংবলিত ব্যান্ডউইথ রপ্তানি করা হবে। তবে পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যান্ডউইথের এই সংযোগ লাইন বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের ত্রিপুরা পর্যন্ত নেওয়া হবে।