সাক্ষাৎকার

বিজ্ঞাপন–বাজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তথ্যের স্বল্পতা

চলতি বছর প্রতিষ্ঠার ২৫ বছর উদ্‌যাপন করছে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড। প্রতিষ্ঠানটির পথচলা ও কার্যক্রম নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মিডিয়াকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) অজয় কুমার কুণ্ডু। সাক্ষাৎকার নিয়েছেন মো. শফিকুল ইসলাম।

প্রশ্ন

প্রথম আলো: বিজ্ঞাপনী সংস্থা হিসেবে মিডিয়াকমের ২৫ বছরের যাত্রাটা কেমন ছিল?

অজয় কুমার কুণ্ডু: এককথায় বলতে গেলে নিজেদের প্রয়োজনের নিরিখেই মিডিয়াকমের যাত্রা শুরু হয়। নব্বইয়ের দশকের মাঝামাঝি দেশে বেশ কিছু বিজ্ঞাপনী সংস্থা কাজ করলেও বিজ্ঞাপন নির্মাণের পথটা তত মসৃণ ছিল না। কাঙ্ক্ষিত মানের বিজ্ঞাপন তৈরি হতো না। আবার নির্মাণেও বিলম্ব হতো। এসব কারণেই মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী নতুন বিজ্ঞাপনী সংস্থা চালুর চিন্তা করেন। তাঁরই চিন্তার ফসল হিসেবে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে মিডিয়াকম লিমিটেড। মাত্র চারজন নিয়ে কাজ শুরু করা মিডিয়াকম এখন শতাধিক লোকের প্রতিষ্ঠান। শুরুতে আমরা স্কয়ার টয়লেট্রিজের বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করতাম। ২০০০ সাল থেকে পূর্ণাঙ্গ সক্ষমতা অর্জন করি। বর্তমানে মিডিয়াকমের মোট কার্যক্রমের ৩৫ শতাংশ হয় স্কয়ারের পণ্যের, আর ৬৫ শতাংশ বাইরের প্রতিষ্ঠানের কাজ।

প্রশ্ন

দেশের বিজ্ঞাপনের বাজার কত বড়? সেখানে মিডিয়াকমের অবস্থান কেমন?

অজয় কুমার কুণ্ডু: বিজ্ঞাপনের বাজারের সঠিক হিসাব করা মুশকিল। কারণ, টেলিভিশন ও মুদ্রণ সংবাদমাধ্যম ছাড়াও দেশে ডিজিটাল, আউটডোর ও নন–ট্র্যাডিশনাল অনেক ধরনের বিজ্ঞাপনের খাত রয়েছে। মোটামুটি আড়াই হাজার থেকে চার হাজার কোটি টাকার বিজ্ঞাপনের বাজার রয়েছে দেশে। তবে হাতে গোনা কয়েকটি বিজ্ঞাপনী সংস্থাই বাজারের ৯০ শতাংশ কাজ করে। বর্তমানে শীর্ষ তিনটি বিজ্ঞাপনী সংস্থা বিবেচনা করতে হলে মিডিয়াকমকে সেখানে রাখতে হবে।

প্রশ্ন

এই খাতে আপনারা কী নতুনত্ব এনেছেন?

অজয় কুমার কুণ্ডু: ডিজিটাল বিপণনের এই সময়ে বিজ্ঞাপনী জগতে প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে। এখন অধিকাংশ বিজ্ঞাপনের কাজ করতে হয় ডিজিটাল মাধ্যমগুলোর জন্য। সংবাদপত্র ও টেলিভিশনেও ট্র্যাডিশনাল বিজ্ঞাপন দিতে চান না গ্রাহকেরা। ফলে সব ক্ষেত্রেই নতুন নতুন সৃজনশীল ভাবনা নিয়ে কাজ করতে হচ্ছে আমাদের। আবার দ্রুত সময়ের মধ্যে মান বজায় রেখে কাজগুলো করতে হয়। সুতরাং উদ্ভাবন, সৃজনশীলতা ও প্রতিযোগিতা—তিনটিকেই সমান তালে রেখে পথ চলছি আমরা।

প্রশ্ন

বিজ্ঞাপনী সংস্থা হিসেবে কাজ করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়?

অজয় কুমার কুণ্ডু: বাংলাদেশে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি মোকাবিলা করতে হয়, সেটা হলো তথ্যের স্বল্পতা। অধিকাংশ ক্ষেত্রেই পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। এ ছাড়া ডিজিটাল মিডিয়ার বিজ্ঞাপন তৈরি করতে গিয়েও অনেক উদ্ভাবনী বিষয় নিয়ে কাজ করতে হয় আমাদের। এ জন্য যে ধরনের অবকাঠামো দরকার, তার স্বল্পতা আছে। তা–ও সময়ের প্রয়োজনে আমরা নিজেদের প্রস্তুত করেছি।

প্রশ্ন

করোনার কারণে দেশের সব ধরনের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞাপনের বাজার কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল?

অজয় কুমার কুণ্ডু: করোনার সময় দেশের বিজ্ঞাপনের বাজার প্রায় ৫০ শতাংশ কমে গিয়েছিল। আমাদেরও ব্যবসার প্রবৃদ্ধিও লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ শতাংশ কম ছিল। ওই সময় তিন মাস বন্ধ রাখতে হয়েছিল আমাদের প্রতিষ্ঠান। গত ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

প্রশ্ন

পেশা হিসেবে বিজ্ঞাপনী সংস্থাকে তরুণ প্রজন্ম বেছে নিচ্ছে কি?

অজয় কুমার কুণ্ডু: পেশা হিসেবে তরুণদের জন্য খাতটি খুব ভালো একটা জায়গা। বিশেষ করে ব্যবসায়ে স্নাতকধারী শিক্ষার্থীদের এই খাতে ভালো করার সুযোগ অনেক বেশি। কেউ যদি বিবিএ বা এমবিএ শেষ করে কোনো প্রতিষ্ঠানের বিপণন প্রধান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তা করেন, তাহলে আমি বলব তার প্রথম পাঠ হওয়া উচিত বিজ্ঞাপনী সংস্থা। ক্যারিয়ারের শুরুতেই যদি একজনের ভালো বিজ্ঞাপনী জ্ঞান আয়ত্তে চলে আসে, তাহলে এরপর তিনি সহজেই ব্র্যান্ড ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং ডিরেক্টর ও ব্যবসায় প্রধানসহ বিভিন্ন পদে পৌঁছাতে পারবেন। ডিজিটাল মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে আমরা দেখেছি, তরুণেরা সুযোগ পেলে অনেক ভালো কিছু করতে পারেন। আগামী দুই বছরে ডিজিটাল মার্কেটিং ৫০০ শতাংশ বৃদ্ধি পাবে। সুতরাং এই খাতে কাজের সুযোগ অনেক বেশি, সুবিধাও বেশি। কিন্তু একটু সময় দিতে হবে এই খাতে স্থায়ী হওয়ার জন্য। পাশাপাশি একটু সৃজনশীলতা লাগবে।

প্রশ্ন

প্রথম আলো: ২৫ বছর পূর্ণ করেছে মিডিয়াকম। সামনে প্রতিষ্ঠানটিকে কোথায় নিতে চান?

অজয় কুমার কুণ্ডু: ইতিমধ্যে নিজেদের কাজের মাধ্যমে বাজারে আমরা আমাদের অবস্থান ও সক্ষমতা তৈরি করেছি। অর্জনের খাতায় ভবিষ্যতে আর কী কী যুক্ত হবে, সেটা সময়ই বলে দেবে। তবে ২৫ বছরের পথচলায় এখন পর্যন্ত আমাদের অর্জন অনেক। এর পেছনে মিডিয়াকমে কাজ করা বর্তমান ও সাবেক সব কর্মীর অবদান আছে। এখন আমরা ২৫ বছরের টগবগে তারুণ্যে পৌঁছেছি। তাই গ্রাহকদের জন্য আরও ভালো কাজ করে যেতে চাই। পাশাপাশি বৈশ্বিক পর্যায়েও মিডিয়াকমকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে আমাদের। সেই লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু কাজও করেছি আমরা।