বিদেশে প্রশিক্ষণের ক্ষেত্রে এখন থেকে প্রতিদিনের জন্য সর্বোচ্চ ৪০০ ডলার পর্যন্ত সঙ্গে নেওয়া যাবে। আগে যা ছিল ২৫০ ডলার। বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের এ সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক গত বুধবার এক প্রজ্ঞাপনে বৈদেশিক মুদ্রা বিনিময়ে অনুমোদিত সব ডিলার ব্যাংককে এ–সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এত দিন কোনো সেমিনার, সম্মেলন ও কর্মশালায় অংশ নিতে সার্কভুক্ত দেশগুলো ও মিয়ানমারে গেলে প্রতিদিনের জন্য ২০০ ডলার, আর অন্যান্য দেশের ক্ষেত্রে ২৫০ ডলার সঙ্গে নেওয়ার সুযোগ পেতেন। এখন এই অর্থের পরিমাণ যথাক্রমে ৩৫০ ডলার ও ৪০০ ডলারে উন্নীত হলো।
১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংক বিদেশে প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে মুদ্রা ছাড়ের সীমা নির্ধারণ করে। এরপর ২৩ বছর পেরিয়ে গেলেও তা পরিবর্তন করা হয়নি। যদিও এ সময়ে বৈশ্বিক মুদ্রাস্ফীতি হয়েছে ৬৪ দশমিক ৮৬ শতাংশ। এসব কারণে কয়েকটি ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে মুদ্রা ছাড়ের পরিমাণ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।