বেনাপোল স্থলবন্দরে সোমবার থেকে পুনরায় কার্যক্রম শুরু হলেও এখনো কর্মচাঞ্চল্য ফিরে আসেনি। খোলার তৃতীয় দিনে গতকাল বুধবারও দেশের বৃহত্তম এই স্থলবন্দর অনেকটাই ফাঁকা দেখা গেছে।ঈদুল আজহা ও দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে ১৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত (মাঝে দুই দিন খোলা ছিল) আমদানি-রপ্তানি কার্যক্রম আট দিন বন্ধ থাকে।ছুটি শেষে অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যেমন কম ছিল, তেমনি আমদানিকারকেরাও বন্দর থেকে মালামাল খালাস না নেওয়ায় পণ্যজট সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে দুই দেশের বন্দর এলাকায় পণ্যবোঝাই কয়েক শ ট্রাক আটকা পড়েছে। খবর বাসসের।বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আবদুল আউয়াল জানান, আট দিন বন্ধ থাকার পর আমদানি-রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হলেও বন্দর থেকে তেমন পণ্য খালাস হয়নি। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম হওয়ায় আমদানি-রপ্তানি স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগবে