ডিসিসিআইকে বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি দেখা হবে

চলমান রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি সহানুভূতির দিক থেকে দেখা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মন্ত্রী বলেছেন, এ অবস্থায় করণীয় নির্ধারণ করতে শিগগিরই পরামর্শক কমিটির সভা আহ্বান করা হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেছেন তোফায়েল আহমেদ। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই ভবনের মিলনায়তনে গতকাল শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জাহাজ, ওষুধ, ফানির্চার, হিমায়িত খাদ্য ও তথ্যপ্রযুক্তিসহ বেশ কয়েকটি পণ্যের প্রচুর চাহিদা বিদেশে রয়েছে। এসব খাতে ব্যবসায়ীদের আরও বেশি হারে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ ২০১৫ সালে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারকে দেশের অর্থনৈতিক পরিবেশকে বিনিয়োগবান্ধব করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিসিসিআই ফাউন্ডেশন ও আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ডিসিসিআইয়ের দুই সহসভাপতি হুমায়ুন রশিদ ও শোয়েব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।