সংক্ষেপ

ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল আসছে

বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে ভারতের ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিসিআই) একটি প্রতিনিধিদল কাল মঙ্গলবার ঢাকায় আসছে। সিআইআইয়ের পূর্বাঞ্চলের বিনিয়োগ টাস্কফোর্সের প্রধান ও টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট অরুণ মিশ্র বাংলাদেশ সফরে ১৩ সদস্যের প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন। তিন দিনের এ সফরে বাংলাদেশে বিদ্যুৎ, খনি, ইস্পাত, ইলেকট্রনিকস, বস্ত্র, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, হালকা প্রকৌশল, শিক্ষা খাতে ভারতীয় বিনিয়োগ নিয়ে আলোচনা হবে বলে ইকোনমিক টাইমসকে জানিয়েছেন অরুণ মিশ্র। প্রতিনিধিদলটি সফরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।

ইকোনমিক টাইমস