ঢাকা ব্যাংকের পরিচালক পদে পুনর্নিয়োগ

মির্জা আব্বাসকে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় ব্যাংক

বেসরকারি ঢাকা ব্যাংকের পরিচালক হিসেবে পুনর্নিয়োগ পাননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস। ব্যাংকটির পরিচালক হিসেবে তাঁর পুনর্নিয়োগের অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার কারণে দীর্ঘদিন ধরে মির্জা আব্বাস পলাতক রয়েছেন। এ জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়ও তিনি অনুপস্থিত। নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংকের একজন পরিচালক একটানা পরিচালনা পর্ষদের তিনটি সভা বা তিন মাস অনুপস্থিত থাকলে ওই পরিচালকের পদ শূন্য হয়ে যায়। তবে পরিচালনা পর্ষদের অনুমতি সাপেক্ষে এ বিধান কিছুটা শিথিলযোগ্য।
চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থীও হয়েছিলেন মির্জা আব্বাস। তবে নিজে নির্বাচনের মাঠে উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান স্ত্রী আফরোজা আব্বাস।
কেন্দ্রীয় ব্যাংক ও ঢাকা ব্যাংক-সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মির্জা আব্বাস ও তাঁর ছেলে মির্জা ইয়াসির আব্বাসের পুনর্নিয়োগ চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করা হয়। কেন্দ্রীয় ব্যাংক মির্জা ইয়াসির আব্বাসের পুনর্নিয়োগ অনুমোদন করলেও মির্জা আব্বাসের আবেদনটি অনুমোদন করেনি।
১৯৯৫ সালে তৎকালীন বিএনপি সরকারের শেষ সময়ে এসে ঢাকা ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ওই ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের মধ্যে অন্যতম ছিলেন মির্জা আব্বাস। পরবর্তী সময়ে মির্জা আব্বাস একাধিকবার বেসরকারি এ ব্যাংকটির চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন।