অভিমত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা নেই

আহসান এইচ মনসুর
আহসান এইচ মনসুর

এবারের বাজেটকে আমি বলব সংযত ও সীমাবদ্ধ। সামষ্টিক অর্থনীতির যে পরিস্থিতি, তাতে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট সংযত হওয়া উচিত ছিল। সরকার সেটাই করেছে।

আগামী অর্থবছরের বাজেটের সীমাবদ্ধতা হচ্ছে, আর্থিক স্থান (ফিসক্যাল স্পেস) খুবই কম। সরকারি কর্মচারীদের বেতনভাতা, পেনশন, উন্নয়ন-সহযোগীদের ঋণ পরিশোধে বরাদ্দের বড় অংশ চলে যাবে। তা ছাড়া চলমান সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অর্থায়নের পর সরকারের হাতে তেমন টাকা থাকে না। বাজেটে এরপর সরকারের আর কিছু করার সুযোগ থাকে না। সরকারি কর্মচারীদের বেতনভাতা ও ঋণ পরিশোধে খরচ বাড়ছে। এ কারণে সরকারের সীমাবদ্ধতা বাড়ছে। বলা যেতে পারে, এবারের বাজেট সময়ের সঙ্গে তাল মিলিয়ে করা হয়েছে।

বাজেটকে আমি সংযত বলেছি এই কারণে যে একসময় প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলতেন, তিনি বাজেটের আকার মোট দেশজ উৎপাদন বা জিডিপির ২০ শতাংশে নিয়ে যাবেন। কিন্তু তিনি করতে পারেননি, বরং দেখা যাচ্ছে জিডিপির তুলনায় বাজেটের আকার কমেছে। প্রস্তাবিত বাজেটের আকার মোট জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। এ বাজেট যখন বাস্তবায়ন শেষ হবে, তখন দেখা যাবে জিডিপির ১২ থেকে সাড়ে ১২ শতাংশের মধ্যে থাকবে। এ জন্য বলছি, এবারের বাজেট সংযত।

প্রস্তাবিত বাজেটে বেশ কিছু অনিশ্চয়তা দেখা যাচ্ছে। মূল্যস্ফীতির চাপ আছে। সরকারের অভ্যন্তরীণ ব্যাংকনির্ভরতা বেসরকারি খাতকে ভোগাবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয় আছে। জিডিপির প্রবৃদ্ধি অর্জন নিয়ে অনিশ্চয়তা আছে। ভর্তুকির বরাদ্দ স্পষ্ট নয়।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৬ শতাংশে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমি সরকারের দৃঢ় কোনো পদক্ষেপ দেখছি না। মূল্যস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণে আনা হবে, সে বিষয়ে বাজেটে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি। অর্থমন্ত্রী শুধু বলেছেন, আগামী অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৬ শতাংশের মধ্যে রাখবেন। কিন্তু কীভাবে হবে? এ বিষয়ে কিছু দেখেননি।

মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা যথারীতি অতিরঞ্জিত মনে হয়েছে। বর্তমান বিশ্বের যে প্রেক্ষাপট, তাতে সব দেশই কম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে। বৈশ্বিক এমন পরিস্থিতির মধ্যে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এটা লক্ষ্য হওয়া উচিত ছিল না। আমাদের লক্ষ্য হওয়া উচিত ছিল কীভাবে মূল্যস্ফীতি কমানো হবে, তার রূপরেখা দেওয়া।

যেখানে বিশ্ব অর্থনীতি টালমাটাল, আমদানি কমাতে হবে, বিনিয়োগ বাড়বে না, সেখানে কীভাবে সাড়ে ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হবে, তা আমার বোধগম্য নয়।

প্রতিবছরই রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু তা অর্জিত হয় না। এবারও বড় অঙ্কের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। বছর শেষে তা অর্জন হবে না।

প্রস্তাবিত বাজেটে ভর্তুকি বাবদ ৮২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। কিন্তু ৮২ হাজার কোটি টাকার বিস্তারিত খরচের বিষয়ে কিছু বলা হয়নি। জ্বালানির তেলে কত ভর্তুকি যাবে, গ্যাসের দাম কত ধরা হয়েছে, আমরা জানি না। করলে সেটা কত করবে, তা-ও জানি না। ভর্তুকির পরিমাণ ৮২ হাজার কোটি টাকা নির্ধারণ নিয়ে ব্যাখ্যা দেওয়া উচিত ছিল অর্থমন্ত্রীর, কিন্তু দেননি।

প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ ব্যাংক থেকে এক লাখ কোটি টাকার বেশি ঋণ নেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী। এক বছরে সরকার যদি ব্যাংকব্যবস্থা থেকে এক লাখ কোটি টাকার বেশি ঋণ নেয়, তখন বেসরকারি খাতের জন্য আর সুযোগ থাকে না। বেসরকারি খাতের ঋণ সংকুচিত হবে।

প্রস্তাবিত বাজেটে করপোরেট করহার কমানোর কথা বলেছেন অর্থমন্ত্রী। এটিকে সাধুবাদ জানাই। আশপাশের দেশগুলোতে করপোরেট করহার আরও কম। দেশে ধীরে ধীরে কমানো হচ্ছে। এটা ইতিবাচক দিক। তবে সার্বিকভাবে এবারের বাজেটকে গতানুগতিক বাজেট বলব।

আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পিআরআই