নতুন বেতনকাঠামো অনুযায়ী রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মচারীদের মজুরি দিতে একটি কমিশন করা হচ্ছে। এর নাম ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন, ২০১৫।’
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গতকাল বুধবার এ কমিশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্র জানায়, ১৩ সদস্যের কমিশনের প্রধান হবেন একজন সচিব অথবা সাবেক সচিব। কমিশন নতুন বেতনকাঠামো অনুযায়ী রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানার শ্রমিকদের মজুরির হার নির্ধারণের সুপারিশ করবে।
বর্তমানে শিল্পকারখানাগুলোতে ৭৮ হাজার শ্রমিক রয়েছেন। ২০১০ সালের পর তাঁদের মজুরি আর বাড়েনি বলে জানা গেছে।
অর্থমন্ত্রীর সভাপতিত্বে একই সময়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তিন লাখ টন ইউরিয়া সার আমদানির দুটিসহ আরও কয়েকটি প্রস্তাব অনুমোদিত হয় বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।
এর মধ্যে রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এটি সরকারি–বেসরকারি অংশীদারির (পিপিপি) আওতায় তৈরি করা হবে। প্রকল্প বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য পুনর্বাসন এলাকায় ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় গতকাল। ১৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ের এ কাজ পেয়েছে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিটেড।
‘ঢাকার উত্তরায় ১৮ নম্বর সেক্টরে স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়।
ভারতীয়দের জন্য ভিসা ফি বাড়ছে: যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশ ভ্রমণ করতে চান, তাঁদের খরচ বাড়ছে ৩ দশমিক ৯৮ মার্কিন ডলার। ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার তা আদায় করবেন।
অতিরিক্ত সচিব বলেন, মেশিন রিডেবল ভিসার (এমআরভি) কারণে এ খরচ করতে হবে ভারতীয়দের। এ–বিষয়ক একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বৈঠকে। ১৯ কোটি টাকা ব্যয়ে আউটসোর্সিং পদ্ধতিতে ভারতে এ কাজটি করার দায়িত্ব দেওয়া হয়েছে যৌথভাবে কনসোর্টিয়াম বিএলএস ইন্টারন্যাশনাল ও দোহাটেক নিউ মিডিয়াকে। বছরে দুই লাখ ভারতীয় নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।