লবণচাষিদের প্রয়োজনীয় সহায়তা দিতে কক্সবাজারের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বাণিজ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সমন্বয় সভা থেকে ভিডিও কনফারেন্স পদ্ধতির উদ্বোধন করে কক্সবাজারের ডিসিকে এ নির্দেশ দেন।
তোফায়েল বলেন, দেশে উৎপাদিত লবণের মান বেশ ভালো। সরকার লবণচাষিদের উৎসাহিত করতে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রেখেছে। তাই দেশের চাহিদা মোতাবেক লবণ উৎপাদনে চাষিদের সহযোগিতা ও উৎসাহ দিতে হবে।
মন্ত্রী বলেন, লবণচাষিদের লবণ উৎপাদনে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করবেন কক্সবাজারের ডিসি।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।