শহরের শ্রমজীবীদের জন্য সহায়তা দরকার

ফজলু মিঞা
ফজলু মিঞা

শ্রমজীবী বা দিনমজুর মানুষের জীবন অত্যন্ত কষ্টের। বিশেষ করে যাঁরা ভারী জিনিস ওঠানামা করেন, তাঁরা বেশিদিন কাজ করতে পারেন না,৪৫ থেকে ৫০ বছরের মধ্যে তাঁরা কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। নানা ধরনের অসুখ-বিসুখও হয় তখন। ফলে চিকিৎসা ব্যয় বেড়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে, সরকারি হাসপাতালে চিকিৎসার বিশেষ সুযোগ নেই। আমাদের মতো মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া কঠিন। তাই বাজেটে সরকারের কাছে প্রত্যাশা হলো, আমরা যেন সরকারি হাসপাতালে আরও ভালো চিকিৎসা পাই, তা নিশ্চিত করা। সরকারি হাসপাতালে গেলে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে, এই প্রত্যাশা করি।

দিনমজুরদের মধ্যে আমরা যাঁরা শহরে থাকি, তাঁরা করোনার সাধারণ ছুটির সময় সরকারের সহায়তা তেমন একটা পাইনি। তখন আমরা গ্রামে চলে যাই। কিন্তু গ্রামের নেতারা আমাদের সহায়তা না দিয়ে যাঁরা সব সময় গ্রামে থাকেন বা ভোট দেন, তাঁদের সহায়তা দিতে বেশি আগ্রহী ছিলেন। তাই করোনার মধ্যে অনেক কষ্ট পেয়েছি। সরকারের কাছে আমাদের প্রত্যাশা, শহরের দিনমজুরদের জন্যও কিছু আপৎকালীন সহায়তার (সামাজিক নিরাপত্তা) ব্যবস্থা করা, আবার গ্রামে গেলেও যেন তা পাওয়া যায়, তার ব্যবস্থা করা।

সবকিছুর দাম যেভাবে বেড়েছে, এখন ছেলেমেয়েদের পড়াশোনা করানোও কঠিন। খাবারের পেছনেই বেশি খরচ হয়ে যাচ্ছে। তাই সরকার যদি পড়ায়-মহল্লায় টিসিবির ট্রাক আবার চালু করত এবং ট্রাকের সংখ্যা বাড়াত, তাহলে আমরা উপকৃত হতাম। শুনছি, সরকার কার্ড দেবে। এটা যত তাড়াতাড়ি করা যায়, ততই মঙ্গল। জিনিসপত্রের বাড়তি দাম দেওয়া আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।

ঢাকায় দিনমজুরদের থাকার কষ্ট বলে বোঝানো যাবে না। বসবাসের পরিবেশ অত্যন্ত নোংরা, তার সঙ্গে খাবার পানির সংকট তীব্র। পানির জন্য আলাদা টাকা নেওয়া হলেও পানি সব সময় পাওয়া যায় না। ফলে সব সময় অসুখ-বিসুখ লেগেই থাকে। সরকার যদি ঢাকায় দিনমজুরদের থাকার মানসম্মত ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমাদের অনেক উপকার হয়। বসবাসের সমস্যার সমাধান হলে আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়।