শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছেন বেসরকারি ব্যাংক মালিকেরা।আজ রোববার ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীর গুলশানে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিএবি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এ তহবিলের সম্ভাব্য আকার ধরা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা। ‘বাজার স্থিতিশীলকরণ তহবিল’ বা ‘মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ (এমএসএফ) নামের এ তহবিল পরিচালনায় থাকবে একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। তহবিলের পুরো অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে।