সাড়ে চার কোটি টাকা অনুদান দেবে জাপান

বাংলাদেশকে চার কোটি ৫৩ লাখ টাকা অনুদান দেবে জাপানের সাহায্য সংস্থা জাইকা। সরকারি খাদ্যমজুদ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানো-সংক্রান্ত প্রকল্পে এই অর্থ পাবে বাংলাদেশ। এ ব্যাপারে ঢাকায় গত বুধবার একটি চুক্তি হয়েছে। এতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি তাকাও টোডা। এ সময় উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১০ সালে শুরু হওয়া এই প্রকল্প ২০১৩ সালের মধ্যে বাস্তবায়ন হবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইউনিয়নে ২৫ হাজার ৭৪১ টন ক্ষমতাবিশিষ্ট বহুতল ওয়্যারহাউস নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো ঝুঁকিমুক্ত ও নিরাপদ উপায়ে খাদ্যমজুদ ব্যবস্থায় সক্ষমতা বাড়ানো।