কোম্পানির সামাজিক দায়িত্বশীলতাকে (সিএসআর) উন্নয়ন তহবিলের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) উদ্যোগে একটি অ্যাডভোকেসি গ্রুপ গঠন করা হয়েছে। দেশের বিশিষ্ট চিন্তাবিদ, ব্যবসায়ী, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এ গ্রুপ গঠন করা হয়।
ঢাকায় মাইডাস সেন্টারে গত শনিবার অনুষ্ঠিত এক সভায় মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এতে সদস্য হিসেবে রয়েছেন দেশের দুই বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দীন মাহমুদ ও এ বি মির্জ্জা মোহাম্মদ আজিজুল ইসলাম, এপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহী, ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং গ্রীন ওয়ার্ল্ড কমউিনিকেশনের টিম লিডার হেদায়েতুল ইসলাম। বিজ্ঞপ্তি।