করপোরেট গভর্নেন্স গাইডলাইনের (সিজিজি) কয়েকটি ধারা পরিপালন থেকে অব্যাহতি পেয়েছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর সেকশন ২৯-এর ক্ষমতাবলে করপোরেট গভর্নেন্স গাইডলাইনের শর্ত নম্বর ১.২, ১.৩, ১.৪, ৩.২ (১) ও ৪ (৯) থেকে আইসিবিকে অব্যাহতি প্রদান করা হলো।’
বিএসইসি সূত্রে জানা যায়, করপোরেট গভর্নেন্স গাইডলাইনের (সিজিজি) কিছু ধারা পরিপালন থেকে অব্যাহতি চেয়ে গত ফেব্রুয়ারি মাসে বিএসইসিকে চিঠি পাঠায় আইসিবি। নিজস্ব অধ্যাদেশ ও জেনারেল রেগুলেশনের আওতায় আইসিবি পরিচালিত হওয়ায় এসব অব্যাহতি চাওয়া হয়।
এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামান প্রথম আলোকে বলেন, আইসিবি নিজস্ব অধ্যাদেশ ও জেনারেল রেগুলেশন অনুযায়ী পরিচালিত হয়। তাই করপোরেট গভর্নেন্স গাইডলাইনের কিছু ধারা এ ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এসব ধারা থেকে অব্যাহতি চাওয়া হয়। বিএসইসি পরীক্ষা-নিরীক্ষা করে কিছু ধারা পরিপালন থেকে আইসিবিকে অব্যাহতি দিয়েছে।
এ ছাড়া মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের স্কিম গঠনের পূর্ব সময়কালের ব্যবস্থাপনা ফি আদায়সংক্রান্ত একটি নির্দেশনা গতকাল জারি করেছে বিএসইসি।