
সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘সেন্ট্রাল ব্যাংক গভর্নর ফর এশিয়া’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ২০১৫ সালের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
লন্ডনভিত্তিক ইমার্জিং মার্কেটস নামের প্রতিষ্ঠান এ পুরস্কার দিয়েছে। গতকাল শনিবার এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম ও সবুজ অর্থায়নের বিস্তারে বিশেষ ভূমিকা রাখায় এ পুরস্কার পেলেন আতিউর রহমান।
এর আগে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর রঘুরাম রাজন ও চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জো জিয়াওচাং এ পুরস্কার পেয়েছেন।
পেরুর রাজধানী লিমায় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এ সভায় আতিউর রহমান অংশ নিচ্ছেন। গতকাল রাতে লিমার শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়ার কথা।
ইমার্জিং মার্কেটস হলো অর্থনীতি ও আর্থিক খাত-সংক্রান্ত সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য প্রতিবেদনের উৎস। এ প্রতিষ্ঠানটি ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টর কোম্পানির একটি অংশ।
এর আগে আতিউর রহমান বেস্ট সেন্ট্রাল ব্যাংক গভর্নর, গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনাল-২০১৫, ইন্দিরা গান্ধী স্বর্ণ স্মারক-২০১১ পুরস্কার পান। তিনি বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসেবে চার বছরের জন্য ২০০৯ সালের ১ মে দায়িত্ব নেন। সেই মেয়াদ শেষ হলে তিনি পুনরায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন।