দেশের জুয়েলারি শিল্পের জন্য একটি সোনা আমদানি নীতিমালা করবে সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে জুয়েলারি শিল্পের উজ্জ্বল ভবিষ্যৎ থাকলেও প্রয়োজনীয় নীতি সহায়তার অভাবে এ শিল্পের তেমন বিকাশ হয়নি। জুয়েলারি শিল্পকে ব্যবসাবান্ধব করতে ব্যবসায়ীরা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা স্থির করেছি, সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে সোনা আমদানি ও জুয়েলারি শিল্পের জন্য একটি যুগোপযোগী নীতিমালা করা হবে।’ চলতি বছরের মধ্যেই এ নীতিমালা হবে এবং এর ফলে জুয়েলারি শিল্প বিকাশ লাভ করবে ও রপ্তানি বাজার তৈরি হবে বলে আশা করেন অর্থমন্ত্রী।