পোশাকশিল্পের জন্য একটি স্বতন্ত্র মন্ত্রণালয় স্থাপনের সুপারিশ করেছে বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নেতারা। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ করেন সমিতির নেতারা। এতে লিখিত বক্তব্যে সমিতির সভাপতি কাজী ইফতেখার হোসেন বলেন, ভাড়া করা ভবনে কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট মহলকে ব্যবস্থা নিতে হবে। ভবনগুলোর পরিকাঠামো নিরাপদ কি না, তা যাচাই করে সনদ প্রদান করতে হবে। ইফতেখার হোসেন আরও বলেন, ভবন তৈরির আইন, কারখানা ও শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ঘুষ-দুর্নীতির অবসান ঘটাতে হবে। তিনি রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক-কর্মচারীদের আইনানুগ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।