৩৭ বছর পর আবার বিমান উড়বে কুমিল্লা বিমানবন্দরে। বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সম্প্রতি ব্লু ফ্লাইং একাডেমি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে এখানে বিমান উড্ডয়নের অনুমতি দিয়েছে।চলতি মাসেই কুমিল্লা বিমানবন্দরের রানওয়ে মেরামত ও ফায়ার সার্ভিস স্থাপনসহ আনুষঙ্গিক কাজ শুরু করা হবে। এসব কাজ শেষ হলে প্রাথমিকভাবে প্রশিক্ষণ বিমান পরিচালনা ও পরবর্তী সময়ে যাত্রীবাহী বিমান চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান ব্লু ফ্লাইং একাডেমির চেয়ারম্যান আবদুল্লাহ আল জহির। কুমিল্লা বিমানবন্দরের ব্যবস্থাপক আবদুল গণি বলেন, ‘আমরা রানওয়ে মেরামত ও ফায়ার সার্ভিসসহ সব সুযোগ-সুবিধা করে দেব।’কুমিল্লা বিমানবন্দর চালুর দাবিতে কয়েক বছর ধরে চলা আন্দোলনের সমন্বয়ক আবুল কাশেম বলেন, বিমানবন্দরটি চালু হলে বিদেশি বিনিয়োগকারীরা আসবেন।