আজ সোমবার রাজধানীর মতিঝিলে রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)
আজ সোমবার রাজধানীর মতিঝিলে রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)

এফবিসিসিআইয়ের সভায় অভিযোগ

শ্যামবাজারে প্রতিদিন লাখ টাকার চাঁদাবাজি

শ্যামবাজার থেকে প্রতিদিন পুলিশ, প্রশাসন ও রাজনৈতিক দলের কর্মীরা এক লাখ টাকা করে চাঁদা নেয়। আর এই বাড়তি অর্থের বোঝা শেষ পর্যন্ত সাধারণ জনগণের ওপর পড়ে বলে জানিয়েছেন শ্যামবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন। তিনি আরও বলেন, করপোরেট ব্যবসায়ী আর সিন্ডিকেটের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা একই শক্তি। আর এই শক্তি নিয়ন্ত্রণ করছে বড় শিল্পগোষ্ঠীরা।

আজ সোমবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুত, সরবরাহ এবং মূল্য পরিস্থিতি পর্যালোচনার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করে এফবিসিসিআই।

এফবিসিসিআই ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রশাসক মো. আবদুর রহিম খান। সভায় নিত্যপণ্যের আমদানিকারক, পাইকারি ব্যবসায়ী, ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফরিদ উদ্দিন তাঁর বক্তব্যে আরও বলেন, সবাই বলছে বাজারে নিত্যপণ্যের দাম বাড়েনি। কিন্তু দুই বছর আগে যে দাম বেড়েছে, ওটাই তো রয়ে গেছে। দাম তো কমেনি। বড় বড় ‘বিগ স্টার’দের আমরা কিছুই বলতে পারি না। এমনকি সরকারও তাদের প্রতি সহনশীল।

সভায় বক্তব্য দেন নিত্যপণ্যের বাজার বিশ্লেষক কাজী আবদুল হান্নান। তিনি বলেন, দেশের ছয়টি অঞ্চলে এক সপ্তাহ ধরে বাজার পর্যালোচনা করে দেখা যায় জেলা ও উপজেলা পর্যায়ে একেকটি বাজার থেকে ১০ লাখ টাকার বেশি চাঁদা তোলা হয়। যার প্রভাব পড়ে পণ্যের দামে। আর রমজানে বড় পরিসরে চাঁদাবাজি হওয়ার প্রবণতা তৈরি হয়। সামনে নির্বাচন, তাই বাজারে টাকার প্রবাহ বেড়ে যাবে। টাকা বেশি হলে মানুষের কেনাকাটাও বেড়ে যায়। এ ছাড়া এই সময়ে সরকারি নির্দেশনা ও তদারকি দুর্বল থাকে।

নতুন সরকার যে–ই আসুক না কেন, রমজানের প্রথম দুই-তিন সপ্তাহে প্রশাসনিক সিদ্ধান্ত ও নজরদারি পুরোপুরি কার্যকর থাকবে না। ফলে সুযোগসন্ধানীদের বাজার অস্থির করার সুযোগ তৈরি হবে।  

নিউমার্কেট নিত্যপণ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, দেশের মানুষ এখন ৮ থেকে ১০টি বড় করপোরেট কোম্পানির হাতে জিম্মি হয়ে আছে। আর ব্যবসা করতে এমন মানুষকে চাঁদা দিতে হয় যে তা কাউকে বলাও যায় না। বাজারে ছোলা, চিনি ও ভোজ্যতেলের বাজার কয়েক বছরের তুলনায় বেশ স্থিতিশীল। তবে এই স্থিতিশীলতা ধরে রাখতে বড় ব্যবসায়ীদের পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক মোহাম্মদ আবুল হাসেম, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ হাসান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক মো. তসলিম শাহরিয়ার, বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার প্রামাণিক, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক গিয়াস উদ্দিন চৌধুরী খোকন, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা, কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. ওসমান গণি প্রমুখ।