ডলার-সংকটের কারণে কাঁচামাল আমদানির ঋণপত্র খুলতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। আবার কাঁচামালের উচ্চ মূল্য, গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাড়িয়ে দিয়েছে পণ্যের উৎপাদন খরচ। এ মুহূর্তে ব্যবসার বড় সংকট কী, তা জানিয়েছেন ছোট, মাঝারি ও বড় ছয় উদ্যোক্তা ও কোম্পানির শীর্ষ কর্মকর্তা।

আমাদের মতো প্রতিষ্ঠানের ব্যবসার ক্ষেত্রে এখন সবচেয়ে বড় সমস্যা কাঁচামালের উচ্চ মূল্য। এমনিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে সব ধরনের কাঁচামালের দাম বেড়ে গেছে। পাশাপাশি ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচও অনেক বেড়ে গেছে। আমরা যেসব পণ্য উৎপাদন ও বাজারজাত করি, সেগুলো অনেকটা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহার্য পণ্য। তাই ইচ্ছা করলেই এসব পণ্যের দাম হুটহাট বাড়ানো যায় না। পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবহার করে থাকি। আমাদের হিসাবে পণ্যভেদে কাঁচামালের দাম ১০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ ছাড়া পণ্য বিতরণ ও বিপণন খরচ বেড়েছে প্রায় ২০ শতাংশ। খরচ যে পরিমাণ বেড়েছে, সেই পরিমাণ পণ্যের দাম বাড়ানোর বাস্তবতা নেই। কারণ, এফএমসিজি (ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস) বা নিত্য ব্যবহার্য পণ্যের বাজারটি খুবই প্রতিযোগিতাপূর্ণ একটি বাজার। এ বাজারে অন্যান্য প্রতিযোগীরা দাম না বাড়ালে এককভাবে কোনো কোম্পানির পক্ষে দাম বাড়ানো সম্ভব হয় না। কারণ, তাতে বাজার হারানোর ঝুঁকি তৈরি হয়।
এ অবস্থায় ব্যবসায় টিকে থাকতে আমরা নানা খাতে খরচ কমিয়ে আনার চেষ্টা করছি। পণ্য বিতরণ ব্যবস্থাটিকে কীভাবে আরও বেশি সাশ্রয়ী করা যায়, সেই চেষ্টা করছি। এর মধ্যে নতুন করে আবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের কারখানায় পণ্য উৎপাদনে ক্যাপটিভ জেনারেটর ব্যবহার করা হয়। গ্যাসের দাম বাড়লে তাতে উৎপাদন খরচ আরেক দফা বাড়বে।