
বিছানার পাশে বা সোফার কোণে রিমোট খুঁজে পাওয়ার চিরাচরিত দৃশ্যটি দ্রুত বদলে যাচ্ছে। আধুনিক এসির সংজ্ঞা বদলে দিচ্ছে স্মার্ট কানেক্টিভিটি। রিমোটের বোতাম ছাপিয়ে এখন গুরুত্ব পাচ্ছে ভয়েস কমান্ড ও স্মার্ট অ্যাপের নিয়ন্ত্রণ। প্রযুক্তির এই অগ্রযাত্রা এসিকে স্রেফ ইলেকট্রনিক যন্ত্র থেকে রূপান্তর করেছে স্মার্ট হোম ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য অংশে। বর্তমানে আধুনিক জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলছে ভয়েস কমান্ড ও ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম।
কণ্ঠস্বরেই নিয়ন্ত্রিত হবে তাপমাত্রা
বাসায় ফেরার আগে অফিস থেকেই এসি চালু করে ঘর ঠান্ডা রাখা কিংবা মাঝরাতে ঘুম–চোখে রিমোট না খুঁজে কেবল কথা বলে তাপমাত্রা কমানো—সবই এখন সম্ভব। বর্তমানে বাংলাদেশে জনপ্রিয় ব্র্যান্ড, যেমন সিঙ্গার, এলজি, হায়ার, গ্রী, স্যামসাং ও ওয়ালটনের স্মার্ট এসিগুলোয় রয়েছে ভয়েস কন্ট্রোল ফিচার। ফলে সাধারণ ভয়েস কমান্ডেই এসি সাড়া দিচ্ছে। বিশেষ করে শারীরিক সীমাবদ্ধতায় ভোগা ব্যক্তি বা বয়স্কদের জন্য এ প্রযুক্তি কার্যকর সমাধান হয়ে উঠছে।
আইওটি ও স্মার্টফোন অ্যাপ
রিমোটের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এখন গুরুত্ব দিচ্ছে আইওটি প্রযুক্তির ওপর। স্মার্ট এসিগুলো নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। ঘরের বাইরে থাকলেও স্মার্টফোনের স্ক্রিনে এসির বর্তমান অবস্থা দেখা ও প্রয়োজন অনুযায়ী মোড পরিবর্তন করা যায়। এই ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম নিশ্চিত করে যে, ঘর অপ্রয়োজনীয়ভাবে ঠান্ডা হবে না এবং সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় হবে।
ডিভাইস সিনক্রোনাইজেশন ও ফিউচার লিভিং
স্মার্ট হোম ইকোসিস্টেমের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে বিভিন্ন ডিভাইসের পারস্পরিক যোগাযোগের মধ্যে। আধুনিক এসিগুলো এখন কেবল একা কাজ করে না; বরং ঘরের স্মার্ট লাইট, কার্টেন বা সিকিউরিটি সিস্টেমের সঙ্গে সমন্বয় করে চলে। উদাহরণস্বরূপ, আপনি যখন ঘরে প্রবেশ করবেন, স্মার্ট ডোর লক খোলার সংকেত পাওয়ামাত্রই এসি নিজে থেকে চালু হয়ে নির্দিষ্ট তাপমাত্রায় ঘর ঠান্ডা করতে শুরু করে। আবার স্মার্ট টিভির সঙ্গে সিনক্রোনাইজড থাকায় সিনেমা দেখার সময় এসির ফ্যানের শব্দ স্বয়ংক্রিয়ভাবে কমে গিয়ে এক শান্ত পরিবেশ তৈরি হয়। ডিভাইসের এই পারস্পরিক বোঝাপড়া ব্যবহারকারীর জীবনযাত্রায় যোগ করছে নতুন মাত্রা, যেখানে পর্দার আড়ালে থেকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে প্রযুক্তি।
স্মার্ট রুটিন ও অটোমেশন
আধুনিক এসির স্মার্ট ইকোসিস্টেম এখন ব্যবহারকারীর অভ্যাস অনুযায়ী নিজেই সিদ্ধান্ত নিতে পারে। যেমন ভোরবেলা যখন বাইরের তাপমাত্রা কম থাকে, তখন এসি নিজে থেকেই পাওয়ার কমিয়ে দেয় কিংবা স্লিপ মোড চালু করে। আবার ঘর থেকে সবাই বেরিয়ে গেলে সেন্সর প্রযুক্তির মাধ্যমে এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। স্মার্ট ওয়াচ বা হোম হাবের সঙ্গে সিনক্রোনাইজড থাকার কারণে ব্যবহারকারীর হার্ট রেট বা শরীরের তাপমাত্রা অনুযায়ীও অনেক এসি এখন কুলিং অ্যাডজাস্ট করতে সক্ষম।
প্রযুক্তির এই উৎকর্ষ রিমোট খুঁজে পাওয়ার ঝামেলাকে আক্ষরিক অর্থেই অতীতে পাঠিয়ে দিয়েছে। স্মার্ট হোম ইকোসিস্টেমের সঙ্গে এসির এই মেলবন্ধন আমাদের ঘর বা অফিসকে করে তুলছে আরও বেশি সুশৃঙ্খল ও আরামদায়ক। স্বাচ্ছন্দ্যের পাশাপাশি প্রযুক্তির সঠিক মেলবন্ধন নিশ্চিত করতে পারলে জীবনযাত্রা যে আরও গতিশীল ও নিরবচ্ছিন্ন হবে, সেটিই ক্রমাগত প্রমাণ করছে স্মার্ট এসিগুলো।