আগ্নেয়াস্ত্রের মালিকদের কর বাড়ানো হয়েছে। বন্দুক, শটগান, রাইফেল, পিস্তল ও রিভলবারের নিবন্ধন, লাইসেন্স ইস্যু কিংবা নবায়নের সময় মালিকদের ৫০ হাজার থেকে ১ লাখ টাকা অগ্রিম কর দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার বাজেট ঘোষণায় এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রস্তাব অনুসারে, বন্দুক, শটগান ও রাইফেলের ক্ষেত্রে ৫০ হাজার টাকা অগ্রিম কর দিত হবে। আর পিস্তল ও রিভলবারের ক্ষেত্রে বার্ষিক এক লাখ টাকা অগ্রিম কর গুনতে হবে।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু বা নবায়নের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ-চালানের মাধ্যমে এই অগ্রিম আয়কর সংগ্রহ করবে।
অবশ্য আগ্নেয়াস্ত্রের মালিকদের আগেও অগ্রিম কর দিতে হতো। এবার পরিমাণ বাড়ানো হলো। আগে অস্ত্রভেদে লাইসেন্স ফি ও নবায়ন ফির সঙ্গে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা অগ্রিম কেটে রাখা হতো। বর্তমানে পিস্তল, রিভলবার ও রাইফেলের লাইসেন্স পেতে আবেদনের আগের তিন করবর্ষে ন্যূনতম ৫ লাখ টাকা এবং শটগানের ক্ষেত্রে ২ লাখ টাকা আয়কর প্রদানের বাধ্যবাধকতা আছে।