
আধুনিক আবাসন ও কর্মক্ষেত্রে অভিজাত আবহ তৈরি এবং সীমিত পরিসরকে দৃষ্টিনন্দন ও দৃশ্যত প্রশস্ত দেখাতে কাচের ব্যবহার এখন অভ্যন্তরীণ নকশার অন্যতম মৌলিক অনুষঙ্গ। কংক্রিটের দেয়ালের বিকল্প হিসেবে কাচের পার্টিশন কিংবা আসবাবের নকশায় কাচের সংযোজন ঘরকে শুধু আলোকিতই করে না, বরং প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে শক্তির অপচয় কমায়।
অন্দরসজ্জায় কাচের বহুমুখী প্রয়োগ হচ্ছে। গ্রিন বিল্ডিং সুবিধাসহ নানা সুবিধা নিশ্চিত করতে ভবনে কাচের ব্যবহার বেশ বাড়ছে।
স্পেস অপটিমাইজেশন ও পার্টিশন: ছোট ফ্ল্যাটে দৃশ্যমান বাধা তৈরি না করে ঘর আলাদা করতে টেম্পার্ড গ্লাস পার্টিশন এবং স্লাইডিং ডোরের ব্যবহার দ্রুত বাড়ছে।
আসবাব ও সৌন্দর্যবর্ধন: ডাইনিং টেবিল, ক্যাবিনেট ডোর ও কফি টেবিলে রঙিন কাচের (লেকার কোটেড গ্লাস) ব্যবহারের পাশাপাশি ছোট ঘরকে বড় দেখাতে ব্যবহৃত হচ্ছে বড় আকৃতির ডেকোরেটিভ আয়না।
কিচেন ও বাথরুম সলিউশন: বাথরুমে শাওয়ার এনক্লোজার এবং রান্নাঘরের ব্যাকস্প্ল্যাশে ফ্রস্টেড বা কালারড গ্লাস দেয়ালকে তেল-ময়লা থেকে রক্ষা করে এবং পরিষ্কারের কাজ সহজ করে।
শব্দ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ: ডাবল গ্লেজড বা ইনসুলেটেড গ্লাস বাইরের কোলাহল কমায় এবং ঘরের ভেতর সহনীয় তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।
বাংলাদেশের আবাসন খাতে স্থাপত্যশৈলীর পরিবর্তন এবং আধুনিক নগরজীবনের চাহিদার সঙ্গে সংগতি রেখে অন্দরসজ্জা ও বহিরাঙ্গনের নকশায় কাচের ব্যবহার অভাবনীয় বৃদ্ধি পেয়েছে। আবাসন নির্মাতাপ্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্যভুক্ত ৯২৪ জন। এই সদস্যসহ দেশে আড়াই হাজারের বেশি আবাসন নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে বলে জানান আবাসন উদ্যোক্তারা। এসব ডেভেলপার প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রকল্প এবং ভেন্ডর বিশ্লেষণ অনুযায়ী, আবাসনশিল্পের ২৬৯টি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতের মধ্যে কাচশিল্প অন্যতম দ্রুত বর্ধনশীল খাত।
গত কয়েক বছরে ঢাকার অভিজাত এলাকাসহ (গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, বসুন্ধরা) প্রধান শহরগুলোতে অ্যাপার্টমেন্টের নকশায় আলো-বাতাসের প্রবাহ নিশ্চিত করা, দৃশ্যত স্থান সম্প্রসারণ এবং আধুনিক নান্দনিকতা তৈরিতে নিরাপত্তা কাচ (টেম্পার্ড গ্লাস) এবং সাউন্ডপ্রুফ গ্লাসের (ডাবল গ্লেজড ইনসুলেটেড গ্লাস) ব্যবহার মানদণ্ডে পরিণত হয়েছে। মোট গ্লাসের চাহিদার প্রায় ৪৫ শতাংশ দখল করে আছে নিরাপত্তা টেম্পার্ড গ্লাস এবং প্রায় ২০ শতাংশ সাউন্ডপ্রুফ ও বিশেষায়িত কাচ।
আবাসন খাতে আধুনিক ভবন নকশায় বিভিন্ন প্রকার গ্লাসের বাণিজ্যিক চাহিদা ও ব্যবহার। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং আধুনিক স্থাপত্য নিরাপত্তার নিয়ম মেনে ডেভেলপাররা উচ্চ মানের নিরাপত্তা কাচ ব্যবহারে জোর দিচ্ছেন।
নিরাপত্তা ও শক্তি: সাধারণ ফ্লোট কাচের চেয়ে টেম্পার্ড কাচ ৪ থেকে ৫ গুণ বেশি শক্তিশালী। এটি ভাঙলেও ধারালো টুকরা না হয়ে ছোট গোল দানায় পরিণত হয়, যা দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করে।
স্থাপত্যে ব্যবহার: আধুনিক অ্যাপার্টমেন্টের উন্মুক্ত বারান্দা, রুফটপ গার্ডেন ফেন্সিং, মেজানাইন ফ্লোর রেলিং এবং শাওয়ার এনক্লোজারে ১০ মিমি থেকে ১২ মিমি পুরুত্বের টেম্পার্ড গ্লাস ব্যবহৃত হচ্ছে।
সাউন্ডপ্রুফ গ্লাস: মেট্রোপলিটন শহরগুলোতে শব্দদূষণ একটি প্রধান সমস্যা। তাই ডেভেলপাররা শব্দের মাত্রা ৩০ থেকে ৪০ ডেসিবল লেবেল পর্যন্ত কমাতে ডাবল গ্লেজড ইনসুলেটেড গ্লাস ব্যবহার করছেন। দুটি কাচের স্তরের মধ্যে এয়ার গ্যাপ বা আর্গন গ্যাস ফিলিং থাকার কারণে এটি বাইরের ট্রাফিক ও তীব্র শব্দ ঘরে ঢুকতে বাধা দেয়।
বিদ্যুৎ সাশ্রয়: এটি তাপ নিরোধক হিসেবে কাজ করে, ফলে এসি ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের খরচ ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমায়।
আবাসন খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য কাচের সহজলভ্যতা এবং দেশীয় উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে দেশি কোম্পানিগুলো। স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ছে। দেশীয় কোম্পানি নাসির ফ্লোট গ্লাসসহ অন্যান্য প্রতিষ্ঠান উচ্চ প্রযুক্তির টেম্পারিং ও ইনসুলেটেড গ্লাস প্ল্যান্টের সক্ষমতা আরও উন্নয়নে উদ্যোগী হয়েছে।
কাচশিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে শুল্ক সহনীয় রাখা, যাতে আবাসনের নির্মাণ খরচ নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি প্রতিটি বহুতল ভবনে মানসম্মত সেফটি গ্লাস ব্যবহারের বাধ্যতামূলক তদারকি নিশ্চিত করা।