
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গত ১১ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন ঘটেছে শুক্রবারে শেষ হওয়া সপ্তাহে। রুপির মান স্থিতিশীল রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া যে ডলার বিক্রি করছে, সম্ভবত সে কারণেই এই বড় পতন হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
পরিস্থিতি আরও খারাপ হয়েছে বেশ বড় পরিমাণে পুঁজি ভারতের বাইরে চলে যাওয়ার কারণে। আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিতে সম্প্রতি যে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে, তার ফলে পুঁজির বহিঃপ্রবাহ দেখা গেছে।
শুক্রবার রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা গেছে, দেশটির রিজার্ভ ৮৩০ কোটি ডলার কমে ৫৬ হাজার ৬৯৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের এপ্রিলের পর এটিই ছিল সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
২০২১ সালের অক্টোবরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ৬৪ হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়িয়েছিল। কিন্তু আন্তর্জাতিক প্রতিকূল পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক স্থানীয় মুদ্রা রুপিকে সমর্থন দিতে ডলার ব্যবহার করতে থাকায় রিজার্ভের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে।
রুপির ওপর চাপ সম্প্রতি আরও বাড়ে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক হিনডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারে কারসাজি করার অভিযোগ আনে। গত ২৪ জানুয়ারি ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যায়।
আদানি সব অভিযোগ অস্বীকার করলেও শুধু এ বছরেই তাদের শেয়ার বিক্রির ৩৩০ কোটি ডলার ভারতের বাইরে চলে গেছে।
এদিকে ভারতে টানা দ্বিতীয় সপ্তাহের মতো স্বর্ণের রিজার্ভেও পতন ঘটেছে। আর্থিক মূল্যে এই রিজার্ভের পরিমাণ ৯১ কোটি ৯০ লাখ ডলার কমে ৪ হাজার ২৮৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরও জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) ভারতের বিশেষ উত্তোলনসুবিধা বা স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) ১৯ কোটি ডলার কমে ১ হাজার ৮৩৫ কোটি ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, এই সপ্তাহে আইএমএফে ভারতের রিজার্ভ ১০ কোটি ২০ লাখ ডলার কমে ৫১৪ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।