কারখানায় সাপ্তাহিক ছুটি

আশুলিয়ায় রোববার, কোনাবাড়ী সোমবার

কারখানা
ফাইল ছবি

সাভারের আশুলিয়ার শিল্পকারখানাগুলোর সাপ্তাহিক ছুটি রোববার। আর গাজীপুরে কারখানাগুলো বন্ধ থাকবে সোমবার। লোডশেডিং কমাতে এভাবেই শিল্পকারখানার জন্য এলাকাভেদে পৃথক সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে সরকার। আজ শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, পরিকল্পিত লোডশেডিংয়ের মাধ্যমে শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা কার্যকর থাকবে।

জ্বালানি সাশ্রয়ে গত ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক পরিকল্পিত লোডশেডিং চলছে। গত রোববার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে ভিন্ন ভিন্ন দিনে ছুটির বিষয়ে প্রস্তাব করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীরাও সরকারি এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন।

প্রজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ছাড়াও সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রংপুর, টাঙ্গাইল, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, বরিশাল, পাবনা, হবিগঞ্জসহ কিছু জেলার শিল্পকারখানার জন্য পৃথক সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুৎ (ফিডার) সঞ্চালন লাইন অনুযায়ী সাপ্তাহিক ছুটি নির্ধারণ করায় প্রতিটি জেলার একেক এলাকার কারখানা একেক দিন বন্ধ থাকবে। যেমন গাজীপুরের জয়দেবপুর, সালনা ও কাপাসিয়ার শিল্পকারখানার সাপ্তাহিক ছুটি শুক্রবার। তবে গাজীপুরের পুবাইল, কাউলতিয়া, মির্জাপুর ও মাস্টারবাড়ির কারখানা বন্ধ থাকবে শনিবার। আবার একই জেলার কোনাবাড়ী, মণিপুর ও পিরুজালীর কারখানার সাপ্তাহিক ছুটি সোমবার।

বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ থেকেই সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত বাস্তবায়ন করব। তবে দেখা যাবে, কোনো কোনো কোম্পানির একাধিক ইউনিট ভিন্ন ভিন্ন দিনে ছুটি থাকবে। এতে কারখানার উৎপাদনে সমন্বয়ের অভাব তৈরি হবে।’