
বাসার রেফ্রিজারেটর এখন আর কেবল মাছ-মাংস বা সবজি রাখার যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই, অনেকের কাছে এটি জীবনরক্ষাকারী ওষুধের এক নির্ভরযোগ্য ঠিকানাও হয়ে উঠছে। বিশেষ করে ঘরে যদি প্রবীণ বা শিশুসদস্য থাকে, তবে ফ্রিজে ওষুধ ও ইনসুলিন সংরক্ষণের বিষয়টি হয়ে ওঠে আরও সংবেদনশীল। সচেতনতার অভাবে অনেক সময় এই যত্নে রাখা ওষুধই উল্টো ঝুঁকির কারণ হতে পারে।
প্রবীণদের ইনসুলিন বা জীবনরক্ষাকারী ইনজেকশন সংরক্ষণে তাপমাত্রার সামান্য হেরফের ওষুধের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। এই ঝুঁকি কমাতে দেশের বাজারে এখন এমন কিছু ফ্রিজ পাওয়া যাচ্ছে, যেখানে স্থির তাপমাত্রা নিশ্চিত করার জন্য ওষুধের জন্য আলাদা জোন বা ড্রয়ার থাকে। এতে ওষুধ সব সময় ফ্রিজের মূল বডিতে নিরাপদ থাকে, ফলে বারবার দরজা খোলার প্রভাবে বাইরের বাতাস তাপমাত্রার বড় কোনো পরিবর্তন ঘটাতে পারে না। বিশেষায়িত ড্রয়ার–সুবিধা সংবলিত আধুনিক ফ্রিজগুলো ওষুধকে সাধারণ খাবার থেকে সম্পূর্ণ আলাদা রাখে এবং নির্দিষ্ট তাপমাত্রা বজায় রেখে ওষুধের রাসায়নিক গুণাগুণ অক্ষুণ্ন রাখে।
সংশ্লিষ্টদের মতে, ফ্রিজের অগোছালো বিন্যাস বা শিশুদের নাগালের মধ্যে ওষুধ রাখা বড় বিপদ ডেকে আনতে পারে। ভুলবশত কোনো ওষুধ খেয়ে ফেলা বা কেমিক্যালজাতীয় কিছু হাতে পাওয়া রোধ করতে আধুনিক ফ্রিজগুলোতে এখন ‘চাইল্ড লক’–সুবিধা দেওয়া হচ্ছে। এ ছাড়া স্মার্ট কন্ট্রোল অ্যাপের মাধ্যমে কর্মব্যস্ততার মধ্যেও দূর থেকে ফ্রিজের তাপমাত্রা পর্যবেক্ষণ করার সুবিধা এখন রেফ্রিজারেটর ব্যবহারের সংজ্ঞাই বদলে দিয়েছে।
ফ্রিজে ওষুধ সংরক্ষণের যেসব বিষয় মেনে চলা জরুরি
১. ইনসুলিন বা ইনজেকশন কখনোই ফ্রিজের দরজায় রাখবেন না। কারণ, দরজা বারবার খোলার ফলে সেখানে তাপমাত্রা সবচেয়ে বেশি ওঠানামা করে।
২. ওষুধ সংরক্ষণের জন্য ফ্রিজের মাঝের তাকে বা ওষুধের জন্য নির্দিষ্ট ড্রয়ারে রাখুন, যেখানে তাপমাত্রা সবচেয়ে স্থিতিশীল থাকে।
৩. শিশুদের নাগাল এড়াতে ওষুধ বা কেমিক্যালজাতীয় কিছু সব সময় ওপরের তাকে অথবা লক করা যায়, এমন বক্সে সংরক্ষণ করুন।
৪. স্মার্ট ফ্রিজের ‘চাইল্ড লক’ ফিচারটি সব সময় সক্রিয় রাখুন, যেন শিশুরা আপনার অনুপস্থিতিতে ফ্রিজের দরজা খুলে কিছু বের করতে না পারে।
৫. ফ্রিজের ডিসপেনসার থেকে পানি পানের ক্ষেত্রে নিয়মিত ফিল্টার পরিবর্তনের তারিখটি অ্যাপ বা ডিসপ্লের মাধ্যমে চেক করে নিন।
৬. ওষুধের গায়ে লেখা সংরক্ষণ নির্দেশিকা ভালোভাবে পড়ুন। অনেক সময় ড্রপ বা সিরাপ ফ্রিজে না রেখে স্বাভাবিক তাপমাত্রায় রাখার পরামর্শ দেওয়া থাকে।
৭. খাবার এবং ওষুধ একই ড্রয়ারে মিশিয়ে রাখবেন না। ওষুধের রাসায়নিক গন্ধ খাবারের স্বাদ নষ্ট করতে পারে এবং ভুল হওয়ার ঝুঁকি বাড়ায়।
৮. ওষুধের তাপমাত্রা ঠিক আছে কি না, তা নিশ্চিত করতে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে নিয়মিত ফ্রিজের ইন্টারনাল টেম্পারেচার চেক করার অভ্যাস করুন।