ইলেকট্রিক বাস ও এলএনজি পরিবহনকারী জাহাজ
ইলেকট্রিক বাস ও এলএনজি পরিবহনকারী জাহাজ

দরপত্র ছাড়া ৮ কার্গো এলএনজি ও ২০০ ইলেকট্রিক বাস কেনার প্রস্তাব অনুমোদন

দেশে জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে আট কার্গো জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং পাঁচ হাজার টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে দেশে আপৎকালীন এলপিজির চাহিদা পূরণ, এলপিজি বাজারে সরকারের অংশীদারত্ব বৃদ্ধি এবং বাজার স্থিতিশীল রাখতে স্পিড মার্কেটিং করপোরেশনের (স্পিড গ্রুপ) কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয়পদ্ধতিতে পাঁচ হাজার টন এলপিজি কেনার প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এই এলপিজির মধ্যে প্রোপেনের পরিমাণ থাকবে ৩৫ থেকে ৪০ শতাংশ ও বিউটেনের পরিমাণ ৬০ থেকে ৬৫ শতাংশ। সৌদি আরামকোর সিপি মূল্যের সঙ্গে প্রতি টনে অতিরিক্ত ৯৭ মার্কিন ডলার (সিএফআর ভিত্তিতে) দরে এলপিজি কেনা হবে।

এ ছাড়া ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে মোট আট কার্গো এলএনজি কেনার চারটি পৃথক প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে দুই কার্গো, অস্ট্রেলিয়াভিত্তিক গ্লোবাল ফুয়েল সাপ্লাইজ পিটিই লিমিটেডের কাছ থেকে দুই কার্গো, মালয়েশিয়ার প্লেনটিটিউড এনার্জি এসডিএন বিএইচডির কাছ থেকে দুই কার্গো এবং ওমানভিত্তিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে আরও দুই কার্গো এলএনজি আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয়পদ্ধতিতে সংগ্রহ করা হবে।

দরপত্র ছাড়াই ২০০ ইলেকট্রিক বাস

দরপত্র ছাড়াই বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জন্য ২০০টি ইলেকট্রিক বাস, চার্জিং স্টেশন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয়পদ্ধতিতে এই বাস কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৈঠক সূত্রে জানা গেছে, পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন পেয়েছে। এর আওতায় সরকারি অর্থায়নে বিআরটিসির জন্য আনুমানিক ২০০টি ইলেকট্রিক বাস (যার মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাসও থাকবে) ক্রয় করা হবে। একই সঙ্গে বাস পরিচালনার জন্য চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ সরাসরি ক্রয়পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

এদিকে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোয় পরিবেশবান্ধব গণপরিবহন চালুর উদ্যোগ অংশ হিসেবে সম্প্রতি বিআরটিসির জন্য ১০০টি ইলেকট্রিক বাস কেনা, ২৫টি চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৪০০ কোটি টাকা অনুদান বা ইকুইটি (ইকুইটি) হিসেবে বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।