রোজায় তিন দফা মিলবে টিসিবির পণ্য

ট্রাকে টিসিবির পণ্য
ফাইল ছবি: প্রথম আলো

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এদিকে রোজা ঘনিয়ে আসছে। সে জন্য সরকার রোজার আগে এক দফা ও রোজার মধ্যে দুবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে কয়েকটি নিত্যপণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবার এসব পণ্য কেনার সুযোগ পাবে। পণ্যগুলোর মধ্যে রয়েছে ডাল, চিনি, সয়াবিন, পেঁয়াজ, ছোলা ও খেজুর। এর মধ্যে ছোলা ও খেজুর শুধু ঢাকা মহানগরীতে বিতরণ করা হবে।

আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক মতবিনিময় সভায় টিসিবির চেয়ারম্যান আরিফুল হাসান বলেন, দেশে নিত্যপণ্যের বাজার আবার কিছুটা অস্থিতিশীল হয়ে উঠেছে। এ জন্য রমজানের আগে ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ একবার পণ্য দেওয়া হবে। এরপর রমজানের শুরুতে ৩১ মার্চের মধ্যে আরেকবার পণ্য দেওয়া হবে। রোজার শেষ দিকে আরেকবার পণ্য বিক্রি করবে টিসিবি। সেটা এপ্রিলের ১ তারিখ শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।

টিসিবি কার্ডধারী প্রতিটি পরিবারের কাছে তিন দফার প্রতিবার এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও দুই কেজি পেঁয়াজ বিক্রি করা হবে। বাজারে পেঁয়াজের দাম কম থাকলে তখন অবশ্য পেঁয়াজ বিক্রি বন্ধ থাকতে পারে। প্রতি কেজি ডাল ৭০ ও চিনি ৬০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি করবে টিসিবি। ছোলা ও খেজুরের দাম এখনো নির্ধারণ করা হয়নি।

আরিফুল হাসান বলেন, এবার রোজার পণ্যের তালিকায় ছোলা ও খেজুর যুক্ত হবে। পণ্য দুটি শুধু ঢাকা মহানগরীতে বিতরণ করা হবে। অন্য যেসব পণ্য টিসিবির পক্ষ থেকে দেওয়া হয়, সেগুলো সারা দেশে কার্ডধারী এক কোটি পরিবারকে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ে পণ্যগুলো ডিলার দোকান থেকে কিনতে পারবেন ভোক্তারা।

টিসিবির চেয়ারম্যান আরও বলেন, রমজানে সংযম পালন করার কথা। কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য মাসের চেয়ে এই মাসে দু-তিন গুণ বেশি পণ্য কেনা হচ্ছে। তাই ভোক্তাদের বাজার নিয়ে চিন্তামুক্ত রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে চলতি মাসের প্রথম সপ্তাহে সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, রমজানে সরবরাহের জন্য ২০ হাজার টন চিনি, ৪০ হাজার টন মসুর ডাল, ৪ কোটি লিটার সয়াবিন তেল, ১ হাজার ১০০ টন খেজুর, ১০ হাজার টন ছোলার প্রয়োজন হবে। এরই মধ্যে এসব পণ্য আমদানি সম্পন্ন হয়েছে। তখন পণ্যগুলো গুদামে মজুতকরণ কার্যক্রম চলছিল বলে জানান তিনি।