ডিবিএলসহ বিভিন্ন কারখানা বন্ধ নয়, গ্যাস-বিদ্যুতের সংকটে ছুটি সমন্বয় হচ্ছে—এমন কথা জানিয়েছে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ।
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এ কথা বলেছে।
বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস–সংকটের কারণে ডিবিএল গ্রুপসহ একাধিক পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়ার খবরটি বিজিএমইএ কর্তৃপক্ষের নজরে এসেছে। এ তথ্য সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। এতে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা আমাদের পোশাকশিল্পের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর।
বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থনীতি ও সর্ববৃহৎ এই রপ্তানি খাতের সামগ্রিক স্বার্থ রক্ষায় পরিস্থিতি তুলে ধরা হয়। বিজিএমইএর ভাষ্য অনুসারে, তীব্র গ্যাস ও বিদ্যুতের সংকট থাকা সত্ত্বেও সরকারের সহযোগিতায় বিজিএমইএর সদস্যভুক্ত কারখানাগুলো প্রাণপণ চেষ্টা করে এখন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে তাদের ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন কার্যক্রম সচল রেখেছে।
এ ছাড়া ছুটি ও সাধারণ কর্মঘণ্টা (ডিউটি) সমন্বয় করার কথাও বলছে বিজিএমইএ। বিজিএমইএ বলেছে, আসন্ন ৫ আগস্টের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সমন্বয় করে অনেক কারখানা বৃহস্পতিবার ছুটি দিচ্ছে, যা পরবর্তীকালে বিধি মোতাবেক সমন্বয় করে নেওয়া হবে। গ্যাস–সংকটের কারণে এটি শিল্পের একটি স্বাভাবিক ও নিয়মিত কর্মপদ্ধতি; কারখানা বন্ধ হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
বিজিএমইএ কর্তৃপক্ষ বলে, যাচাই-বাছাই ব্যতীত কারখানা বন্ধের মতো স্পর্শকাতর ও ভুল সংবাদ পরিবেশন করা হলে তা দেশীয় এবং আন্তর্জাতিক ক্রেতা ও অংশীদারদের মধ্যে চরম বিভ্রান্তি ও অনাকাঙ্ক্ষিত উদ্বেগের সৃষ্টি করে। এ ধরনের অপপ্রচার পোশাক খাতের অর্জিত বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে এবং পুরো শিল্পের পাশাপাশি এর ওপর নির্ভরশীল লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দেয়।