প্রযুক্তির উৎকর্ষতায় ফ্রিজের দরজায় যুক্ত হয়েছে বিশাল ডিজিটাল ডিসপ্লে, যা সাধারণ একটি ইলেকট্রনিক যন্ত্রকে রূপান্তর করছে ডিজিটাল ক্যানভাসে
প্রযুক্তির উৎকর্ষতায় ফ্রিজের দরজায় যুক্ত হয়েছে বিশাল ডিজিটাল ডিসপ্লে, যা সাধারণ একটি ইলেকট্রনিক যন্ত্রকে রূপান্তর করছে ডিজিটাল ক্যানভাসে

ফ্রিজ যেভাবে জীবনযাপনের স্মার্ট অনুষঙ্গ হয়ে উঠছে

রান্নাঘরের চিরাচরিত চেহারা বদলে দিচ্ছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এক সময় ফ্রিজ ছিল শুধু মাছ-মাংস বা সবজি সতেজ রাখার যন্ত্র। সময়ের বিবর্তনে সেই ফ্রিজই হয়ে উঠেছে ঘরের অন্যতম স্মার্ট সদস্য। ফ্রিজের দরজায় যুক্ত হয়েছে বিশাল ডিজিটাল ডিসপ্লে, যা সাধারণ একটি ইলেকট্রনিক যন্ত্রকে রূপান্তর করছে ডিজিটাল ক্যানভাসে। সৃজনশীলতার নতুন মাত্রা গৃহিণীদের কাজকে করেছে আরও সহজ।

যেভাবে রূপান্তর

স্মার্ট ফ্রিজের এই বিবর্তন হঠাৎ করে হয়নি। গত এক দশকে বিশ্বজুড়ে ‘ইন্টারনেট অব থিংস’ বা আইওটি প্রযুক্তির প্রসারের ফলে সাধারণ হোম অ্যাপ্লায়েন্সগুলো স্মার্ট হতে শুরু করে। সেই ধারাবাহিকতায় ফ্রিজের দরজায় যুক্ত হয় লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। শুরুর দিকে এটি কেবল তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে এটি একটি শক্তিশালী কম্পিউটারের মতো কাজ করে। বিশেষ করে উচ্চগতির ইন্টারনেট এবং স্মার্টফোন অ্যাপের সঙ্গে ফ্রিজের সংযোগ স্থাপনের ক্ষমতা এই প্রযুক্তিকে জনপ্রিয় করে তুলছে।

পর্দার আড়ালের প্রযুক্তি

স্মার্ট ডিসপ্লে ফ্রিজগুলো মূলত সেন্সর এবং ওয়াই-ফাই প্রযুক্তির ওপর ভিত্তি করে কাজ করে। এর দরজায় থাকা সেন্সরে টোকা দিলেই ভেতরের কাচ স্বচ্ছ হয়ে ওঠে, ফলে দরজা না খুলেই ভেতরে কী আছে, তা দেখা সম্ভব হয়। এর অভ্যন্তরে থাকা ক্যামেরাগুলো খাবারের ছবি তুলে সরাসরি ব্যবহারকারীর ফোনে পাঠিয়ে দেয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ফ্রিজগুলো এখন খাবারের মেয়াদ শেষ হওয়ার তারিখও মনে করিয়ে দিতে পারে।

খুলনার বাসিন্দা গৃহিণী সাহিদা বেগম। তিনি মনে করেন, ফ্রিজ এখন আর শুধু খাবার রাখার যন্ত্র নয়, বরং জীবনকে সহজ করার ‘কার্যকর অনুষঙ্গ’ হয়ে উঠেছে। তাঁর মতে, ‘রান্না করতে করতে স্ক্রিনে প্রয়োজনীয় তথ্য দেখে নেওয়া যায় কিংবা রেসিপি মিলিয়ে নেওয়া যায়। প্রযুক্তির এই আধুনিকায়ন মানুষের দৈনন্দিন গৃহস্থালি কাজে নতুন মাত্রা যোগ করেছে।’

দেশের বাজারে বর্তমান চিত্র

বাংলাদেশের বাজারে এ ধরনের অত্যাধুনিক ফ্রিজের প্রচলন খুব বেশি দিনের নয়। বিগত কয়েক বছর ধরে দেশের শো–রুমগুলোতে বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রিমিয়াম মডেলের ফ্রিজ পাওয়া যাচ্ছে। যদিও শুরুতে এগুলো ছিল আমদানিনির্ভর, তবে বর্তমানে অনেক প্রতিষ্ঠান স্থানীয়ভাবেও এই ধরনের স্মার্ট ফিচারসংবলিত ফ্রিজ বাজারজাত শুরু করেছে। মূলত বড় শহরগুলোয় উচ্চবিত্ত ও প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের হাত ধরে এই ট্রেন্ড শুরু হলেও বর্তমানে আধুনিক ডাইনিং স্পেসে এর উপস্থিতি দিন দিন বাড়ছে।

ব্যবহারের নিয়ম ও সতর্কতা

ডিজিটাল ডিসপ্লে–সংবলিত ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে কিছুটা বাড়তি যত্নের প্রয়োজন হয়। স্ক্রিনটি যেহেতু স্পর্শকাতর, তাই ভেজা হাতে বারবার ‘টাচ’ বা স্পর্শ না করাই ভালো। রান্নার সময় তেল বা মসলাযুক্ত হাত দিয়ে স্ক্রিন ব্যবহার করলে সেন্সরের কার্যকারিতা কমে যেতে পারে। এ ছাড়া নিয়মিত সফটওয়্যার আপডেট দেওয়া প্রয়োজন, যাতে ডিজিটাল ফিচারগুলো সচল থাকে। বাড়তি সতর্কতার অংশ হিসেবে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করা জরুরি, কারণ বৈদ্যুতিক গোলযোগের কারণে ফ্রিজের মাদারবোর্ড বা দামি ডিসপ্লে প্যানেলটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে।

স্মার্ট ফ্রিজ রক্ষণাবেক্ষণের কৌশল

স্মার্ট ডিসপ্লের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে সরাসরি স্ক্রিনে পানি স্প্রে না করে নরম শুকনা সুতি কাপড় দিয়ে আলতো করে মুছে পরিষ্কার রাখুন। ফ্রিজের দরজার স্মার্ট ফিচারগুলো সচল রাখতে ইন্টারনেটের রাউটারটি ফ্রিজের কাছাকাছি রাখার চেষ্টা করুন, যাতে সিগন্যাল ড্রপ না করে। খাবারের ইনভেন্টরি লিস্ট করার সময় ভয়েস কমান্ড ব্যবহার করলে স্ক্রিনে আঙুলের ছাপ কম পড়বে এবং সেন্সরও ভালো থাকবে। বজ্রপাত বা হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার আশঙ্কা থাকলে ডিজিটাল ডিসপ্লেটি মেন্যু থেকে সাময়িকভাবে অফ করে রাখা নিরাপদ। স্ক্রিনের পিক্সেল বার্ন রোধ করতে অটো-স্লিপ মোড বা স্ক্রিন সেভার সেট করে রাখুন, যাতে ব্যবহারের পর নির্দিষ্ট সময় পর ডিসপ্লেটি নিজে থেকেই নিভে যায়।