অর্থ বিভাগের পরিপত্র

ব্যয় সাশ্রয়ে ভূমি অধিগ্রহণ ও যন্ত্রপাতি কেনা বন্ধ 

অর্থ বিভাগ প্রাথমিকভাবে হিসাব করেছে, জুলাই থেকে নেওয়া সব পদক্ষেপে ৫০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। 

অর্থনৈতিক সংকট কাটাতে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। গড়ে প্রতি মাসে একটির বেশি হয় প্রজ্ঞাপন, নয় পরিপত্র জারি করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। জুলাই থেকে এখন পর্যন্ত সাড়ে পাঁচ মাসে ব্যয় সাশ্রয়ের প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে সাতটি। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সর্বশেষ পরিপত্র জারি করেছে গত মঙ্গলবার। অর্থ বিভাগ এ দফায় বলেছে, চলতি অর্থবছরে পরিচালন বাজেটের অধীন ভূমি অধিগ্রহণ সম্পূর্ণ বন্ধ থাকবে। আর আবাসিক ভবন, অনাবাসিক ভবন এবং অন্যান্য ভবন খাতে নতুন কোনো কার্যাদেশ দেওয়া যাবে না। তবে ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে এমন ক্ষেত্রে বাজেট বরাদ্দের ৫০ শতাংশের বেশি ব্যয় করা
যাবে না। 

শুধু তা-ই নয়, পরিচালন বাজেটের অধীন যন্ত্রপাতি ও সরঞ্জাম, বৈদ্যুতিক সরঞ্জাম, কম্পিউটার ও আনুষঙ্গিক, আসবাব ইত্যাদি খাতে অর্থ ব্যয়ও সম্পূর্ণভাবে স্থগিত থাকবে। বাজেটে এসব খাতে যে অর্থ বরাদ্দ রয়েছে, সেগুলো অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না, আবার অন্য খাত থেকেও এসব খাতে অর্থ আনা যাবে না। 

■ পরিচালন বাজেটের অধীন ভূমি অধিগ্রহণ সম্পূর্ণ বন্ধ থাকবে। আর আবাসিক ভবন, অনাবাসিক ভবন এবং অন্যান্য ভবন খাতে নতুন কোনো কার্যাদেশ দেওয়া যাবে না। 

■ গত সাড়ে পাঁচ মাসে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো কার্যকর হলে ব্যয় সাশ্রয়ের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা।

পরিপত্রে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ সংস্থা, রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা প্রযোজ্য। 

আগের পদক্ষেপগুলো ছিল উন্নয়ন প্রকল্পের ব্যয় কমানো; সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ স্থগিত; সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানে তেল, গ্যাস ও বিদ্যুতের ব্যবহার কমানো; বিভিন্ন কমিটির সদস্যদের সম্মানী বাতিল ও নতুন গাড়ি কেনা বন্ধ ইত্যাদি। এসব পদক্ষেপে ৫০ হাজার কোটি টাকার মতো ব্যয় সাশ্রয় হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে অর্থ বিভাগ।

অর্থ বিভাগের কর্মচারীরা বলছেন, বিদেশ ভ্রমণ স্থগিত, প্রতিষ্ঠানে তেল, গ্যাস ও বিদ্যুতের ব্যবহার কমানো, সম্মানী বাতিল ও নতুন গাড়ি কেনা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও উল্লেখযোগ্য পরিমাণে কোনো ব্যয় সাশ্রয় হচ্ছিল না সরকারের। তাই চলতি অর্থবছরের সাড়ে ছয় মাস বাকি থাকতেই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

গত জুলাই থেকে সরকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দও কাটছাঁটের পথে হাঁটছে। কৃচ্ছ্রসাধনের জন্য চলতি অর্থবছরের উন্নয়ন প্রকল্পগুলো ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সিদ্ধান্ত হয়, চলতি অর্থবছরে কিছু প্রকল্পে কোনো অর্থ ছাড় দেওয়া হবে না। আবার কিছু প্রকল্পে অর্থ দেওয়া হবে ২৫ শতাংশ কম। এতে ২৫ হাজার কোটি টাকা ব্যয় কমবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের পরিপত্র ভালোভাবে কার্যকর হলে সরকারের ব্যয় সাশ্রয় হবে অন্তত ২০ হাজার কোটি টাকা। গত সাড়ে পাঁচ মাসে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো কার্যকর হলে ব্যয় সাশ্রয়ের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।

চলতি অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেটের আকার ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা। 

বিশেষজ্ঞরা বলছেন, ব্যয় সাশ্রয়ের পদক্ষেপ নেওয়ায় বাজেট বাস্তবায়ন পুরোপুরি হবে না। রাজস্ব আয়েও টান পড়বে। চলতি অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।

জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ব্যয় সাশ্রয়ের পদক্ষেপ সমর্থনযোগ্য। তবে ঢালাওভাবে জমি অধিগ্রহণ বন্ধ করাটা ঠিক হলো না। এডিপি ভালোভাবে বাস্তবায়ন না হওয়ার পেছনে জমি অধিগ্রহণের দেরিকে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। সেই অধিগ্রহণই যদি দেরিতে হয়, তাহলে তো একদিকে খরচ বাড়বে, অন্যদিকে সময় বেশি লাগবে। 

মির্জ্জা আজিজ আরও বলেন, কম্পিউটার ও আনুষঙ্গিক কেনা স্থগিত রাখার মানে হচ্ছে ডিজিটাল বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এসব পদক্ষেপে রাজস্ব আয়ের ওপর নির্ঘাত নেতিবাচক প্রভাব পড়বে। সরকারের উচিত হবে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি আয় বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া।