সেলিমা আহমাদ
সেলিমা আহমাদ

নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী নেত্রী সেলিমা আহমাদ মারা গেছেন। তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সেলিমা আহমাদ দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান। এ ছাড়া তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সভাপতির দায়িত্বে ছিলেন। সংসদ সদস্যও ছিলেন তিনি। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের সহধর্মিণী সেলিমা আহমাদ।

জানা যায়, নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৭টা ৪০ মিনিটে তিনি মারা যান।

জানতে চাইলে নিটল-নিলয় গ্রুপের প্রতিষ্ঠান হিরো মোটোকর্প নিলয় বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে সেলিমা আহমাদ দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আগামী মঙ্গলবার তাঁর মরদেহ দেশে আনা হবে।

সেলিমা আহমাদ ২০১৪ সালে অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছেন। ব্যবসার সঙ্গে সামাজিক মূল্যবোধের সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।