
বিশ্ববাজারে নিত্যপণ্যের দামে অনেক দিন ধরে অস্থিরতা চলছে। যেসব পণ্য আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়, স্বাভাবিকভাবে সেগুলোর আমদানি খরচও বেড়েছে। এ পরিস্থিতিতে ক্রেতাদের স্বস্তি দিতে হলে তিনটি পদক্ষেপ নেওয়া জরুরি। একটি হলো, আমদানি করা যেসব নিত্যপণ্যে রোজার আগে শুল্ক-করে ছাড় দেওয়া হয়েছে, তা আরও কিছু সময় অব্যাহত রাখা। দুই. নিত্যপণ্যের ক্ষেত্রে ঋণপত্র খোলা ও আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ডলারের বিনিময় মূল্য ঠিক রাখা। তিন. সরবরাহ ঠিক রাখতে পদক্ষেপ নেওয়া। এই তিন বিষয় নিশ্চিত করা গেলে পণ্যের দামে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে থেকেই নিত্যপণ্যের দাম বাড়তি ছিল। যুদ্ধের পর যে অস্থিরতা শুরু হয়েছে, সেটি এখনো চলছে। নিত্যপণ্যের দামের সঙ্গে বেড়েছে জাহাজভাড়াও। এ কারণে পণ্য আমদানিতে খরচ অস্বাভাবিক বেড়ে গেছে। সংকটের সময় নানা দেশ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছি।
সরকার বাজার সামাল দিতে রোজার আগে ভোজ্যতেল ও চিনিতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুল্ক–করে ছাড় দিয়েছে। ভোজ্যতেলে উৎপাদন ও সরবরাহ পর্যায়ে কর প্রত্যাহার করেছে। আমদানিতে মূল্য সংযোজন কর ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করেছে। জুন পর্যন্ত এই ছাড় থাকবে। সরকার চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্কহারেও ১০ শতাংশ ছাড় দিয়েছিল। এখন আগের মতোই শুল্কহার কার্যকর হয়েছে।
বিশ্ববাজারে এই দুটো পণ্যের দাম যেহেতু এখনো স্বাভাবিক হয়নি, সে জন্য কর ছাড় আরও কিছুদিন অব্যাহত রাখা উচিত। এটা ঠিক, সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে। সে জন্য চার মাস পরপর শুল্কহার পর্যালোচনা করে কত দিন ছাড় দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বিশ্ববাজারে সামনে নিত্যপণ্যের দাম কমার লক্ষণ দেখা যাচ্ছে। ফলে বেশি দিন কর ছাড় দিতে হবে না। প্রতিবেশী দেশ ভারত নিজেদের বাজার সামাল দিতে অনেক আগেই নিত্যপণ্যে শুল্ক–করে ছাড় দিয়েছে।
গম ও ডালে শুল্ক–কর নেই। ফলে এই দুই পণ্যে কর ছাড়ের পদক্ষেপ নেওয়ার দরকার নেই। তবে সব ধরনের নিত্যপণ্য আমদানিতে আমরা এখন ডলারের বিনিময় মূল্যের কারণে বড় সমস্যায় পড়েছি। আমদানি ব্যয় শোধ করতে ডলারের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দরের চেয়ে বেশি দাম দিতে হচ্ছে। এমনিতেই ডলারের বিনিময় মূল্য বাড়ায় আমদানিতে শুল্ক–করও বেড়েছে।
অবস্থা এমন হয়েছে প্রতি ডলারে বাংলাদেশ ব্যাংক যে দর নির্ধারণ করেছে, তার চেয়ে পাঁচ থেকে আট টাকা বেশি দিয়ে আমদানি ব্যয় পরিশোধ করতে হয়েছে। এখনকার আমদানি মূল্যে প্রতি ডলারে যদি ৫ টাকাও বেশি দিতে হয়, তাহলে ভোজ্যতেলের দাম লিটারে ৯ টাকা বেড়ে যায়। এ জন্য নিত্যপণ্যের ক্ষেত্রে অন্তত সরকার নির্ধারিত দরে যাতে ঋণপত্র খোলা বা আমদানি ব্যয় মেটানো যায়, তা নিশ্চিত করা দরকার।