
কয়েক দিন আগে আমরা দেখলাম, যুক্তরাষ্ট্র শাটডাউনের কবলে পড়েছে। তার মানে দেশটিতে অর্থনৈতিক সংকট রয়েছে। আবার মুখে স্বীকার না করলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বিভিন্ন দেশেও সংকট চলছে। মূল্যস্ফীতির কারণে এসব দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। অথচ আমাদের রপ্তানি পণ্যের বড় গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইইউ। তাই ওই সব দেশে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে আমাদের রপ্তানি বৃদ্ধির বড় কোনো সম্ভাবনা দেখি না। কারণ, বিশ্ব অর্থনীতি মন্দার দিকে যাচ্ছে। তাই রপ্তানি নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না।
আমাদের রপ্তানি আয় তিন-চার দশকের বেশি সময় ধরে পোশাক খাত নির্ভর। তাই রপ্তানি আয়ের উত্থান-পতন নির্ভর করে এ খাতের ওপর। চাইলেও আমরা রাতারাতি রপ্তানিতে পোশাকনির্ভরতা কাটাতে পারব না। আবার রপ্তানিতে পোশাকনির্ভরতা কমাতে সরকারেরও কোনো দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোগ আমরা দেখছি না। রপ্তানির ক্ষেত্রে পোশাক খাত যত সুবিধা পায়, অন্য খাতগুলো সেই ধরনের সুবিধা পায় না। ফলে অন্যান্য খাতের রপ্তানিকারকেরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। আমি মনে করি, রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে হলে পোশাকের বাইরে অন্যান্য খাতের দিকে সরকারকে সুদৃষ্টি দিতে হবে।
আমরা দেখছি, এক বছরের বেশি সময় ধরে দেশে ডলার–সংকটসহ অর্থনীতি নানামুখী সংকটে পড়েছে। এ জন্য রাশিয়া–ইউক্রেন যুদ্ধের যেমন দায় রয়েছে, তেমনি আমাদের অভ্যন্তরীণ নানা সমস্যাও এ সংকটকে আরও প্রকট করে তুলেছে। দীর্ঘদিন ধরে দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা বিরাজমান। বন্দর সমস্যা, করব্যবস্থার সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা—এগুলো এ দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বড় বাধা। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সংকটের সঙ্গে অভ্যন্তরীণ এসব সংকট মিলে এখন ব্যবসার পরিবেশকে আরও কঠিন করে তুলেছে। এমন পরিস্থিতিতে ডলার আয়ের অন্যতম উৎস রপ্তানি খাত যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বর্তমান পরিস্থিতিতে দেশে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না। সবাই আছেন টিকে থাকার লড়াইয়ে। এ সংকটের সময় রপ্তানি আয়ের খাতগুলোকে কার্যকর রাখতে হলে অভ্যন্তরীণ সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে হবে। আমি বিশ্বাস করি, এখনো আমাদের দেশের অনেক খাতে বেশ প্রতিযোগিতা সক্ষমতা রয়েছে। এসব খাতকে এগিয়ে নিতে শুধু সরকারের উদ্যোগ দরকার। সব রপ্তানি খাতকে সমান সুযোগ দিতে হবে। চলমান পরিস্থিতিতে রপ্তানি খাতসহ ব্যবসা-বাণিজ্যকে স্বাভাবিক রাখতে সরকারের সঙ্গে বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়মিত ডায়ালগের উদ্যোগ নেওয়া জরুরি।