বাংলাদেশ ব্যাংক বলছে, কোনো ব্যাংক সীমার বেশি ডলার মজুত করলে জরিমানা হবে।
আজ রোববার প্রবাসী আয়ে সর্বোচ্চ ৮৯ টাকা ৮০ পয়সা দর দিতে পারবে ব্যাংকগুলো।
হুন্ডিতে এলে মিলবে ৯৫–৯৬ টাকা।
গত সপ্তাহে কিছু ব্যাংক প্রবাসীদের কাছ থেকে প্রতি ডলার ৯৫ টাকার চেয়ে বেশি দামে কিনেছে। আর এই ডলার দেশে বিক্রি করেছে আরও বেশি দামে। এতে চাপে পড়েছে মানুষ কারণ, ডলারের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে ভোগ্যপণ্যের দাম। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক নির্দেশে আজ রোববার প্রবাসী আয়ে সর্বোচ্চ ৮৯ টাকা ৮০ পয়সা দর দিতে পারবে ব্যাংকগুলো। খোলাবাজারে এখন ডলার বিক্রি হচ্ছে ৯৬-৯৭ টাকায়। ফলে এত কমে বৈধ পথে প্রবাসী আয় আসবে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
ব্যাংকাররা বলছেন, দামের বড় ধরনের তারতম্যের কারণে বৈধ পথের চেয়ে প্রবাসী আয় হুন্ডিতে চলে যাবে। কারণ, হুন্ডিতে পাঠালে প্রতি ডলারের বিপরীতে ৯৫ টাকার বেশি দেওয়া হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, হঠাৎ করে হুন্ডিতে আয় পাঠানোর ঝুঁকি সবাই নেবেন না। এ জন্য খোলাবাজারের চেয়ে দাম কিছুটা কম হলেও বৈধ পথে প্রবাসী আয় আসবে।
দেশীয় ব্যাংক ও বিদেশের বিভিন্ন এক্সচেঞ্জ হাউস সূত্রে জানা গেছে, গত সপ্তাহে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক পরপর কয়েক দিন সর্বনিম্ন ৯৫ টাকা থেকে সর্বোচ্চ ৯৭ টাকায় বিদেশ থেকে প্রবাসী আয় সংগ্রহ করে দেশে এনেছে।
সবাই এক দাম দিলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসবে। কারণ, হুন্ডিতে এত আয় স্থানান্তর সম্ভব নয়। ফলে নতুন সিদ্ধান্তে ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য কমে আসবে। এতে সংকট কেটে যেতে পারে।সৈয়দ মাহবুবুর রহমান, এমডি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
ব্যাংকগুলো কত দামে আয় আনতে পারবে, তার কোনো নির্ধারিত দর বা সীমা নেই। সাধারণত দেশের ব্যাংকগুলো বিদেশের এক্সচেঞ্জ হাউসগুলোর কাছে প্রতিদিন ডলারের চাহিদা ও দাম নির্ধারণ করে দেয়। আবার অনেক সময় এক্সচেঞ্জ হাউসগুলো প্রবাসী আয় সংগ্রহ করে দেশের ব্যাংকগুলোর সঙ্গে ডলারের দাম নিয়ে দর-কষাকষি করে। যেই ব্যাংক বেশি দাম দেয়, সেই ব্যাংকের কাছে ডলার বিক্রি করা হয়।
ব্যাংক খাতের জন্য বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ৮৭ টাকা ৯০ পয়সা বেঁধে দিলেও বাস্তবে ডলার কেনাবেচা হচ্ছে তার চেয়ে অনেক বেশি দামে। ডলারের সংকট কাটাতে ও নিজেদের প্রয়োজনে অনেক ব্যাংক তাই বেশি দামে বিদেশ থেকে প্রবাসী আয় আনছে। এ অবস্থায় প্রবাসী আয়ের ক্ষেত্রে দাম বেঁধে দেওয়ায় চলতি সপ্তাহে প্রবাসী আয়ের পরিস্থিতি কী দাঁড়ায় তা নিয়ে চিন্তিত ব্যাংকাররা।
দেশীয় মালিকানায় বিদেশে প্রতিষ্ঠিত এক্সচেঞ্জ হাউসগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ ও তদারকি নেই। ফলে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকও থাকে অন্ধকারে। আবার ডলারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে রিয়া, মানিগ্রাম, ট্রান্সফাস্ট, ওয়েস্টার্ন ইউনিয়ন,এক্সপ্রেস মানি, আইএমইসহ বড় এক্সচেঞ্জ হাউসগুলো। তারা যে দাম দেয়, সেই দামেই প্রবাসী আয় আনতে হয় ব্যাংকগুলোকে।
এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবীব প্রথম আলোকে বলেন, বর্তমান সংকটের মধ্যে অপ্রয়োজনে ডলার কিনে মজুত করা শুরু হয়েছে। বাজারে একটা বার্তা দেওয়ার প্রয়োজন আছে যে ডলারের দাম তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাড়বে না। কেন্দ্রীয় ব্যাংক সেই কাজটি করতে পেরেছে। আর সময়ই নির্ধারণ করে দেবে ডলারের দাম কত হবে। এর মধ্যে কোনো ব্যাংক যদি অবৈধ মজুত বা দাম বাড়াতে ভূমিকা রাখে, তাদের শাস্তির আওতায় আনা উচিত।
এদিকে ব্যাংকগুলোর কাছে কী পরিমাণ ডলার মজুত আছে, তার সীমা নির্ধারণ করা আছে। এই সংকটের মধ্যে অনেক ব্যাংক সীমার বেশি ডলার মজুত করেছে। বাংলাদেশ ব্যাংকের দুই বিভাগে তথ্য জমা দেওয়ার সময় ডলারের মজুতের দুই ধরনের তথ্য দিয়েছে। এতে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। এ ঘটনার পুনরাবৃত্তি হলে পরবর্তী সময়ে জরিমানা আরোপ করা হতে পারে বলে ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত বৃহস্পতিবার ব্যাংকগুলোকে এই সতর্কবার্তা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে ডলারের সংকট কাটাতে গত বৃহস্পতিবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতাদের সঙ্গে এক সভা করে কেন্দ্রীয় ব্যাংক। সভায় প্রতি ডলারের বিনিময়মূল্য কত হবে, তা নির্ধারণ করে ব্যাংকগুলো। ব্যাংকগুলোর প্রস্তাব অনুযায়ী, রপ্তানি বিল নগদায়নে ডলারের দাম হবে ৮৮ টাকা ৯৫ পয়সা। প্রবাসী আয় আনা হবে ডলারের সর্বোচ্চ ৮৯ টাকা ৮০ পয়সা দর ধরে। আর আন্তব্যাংকে ডলার কেনাবেচা হবে ৮৯ টাকা ৮৫ পয়সা দরে ও আমদানিকারকদের কাছে বিক্রি করা হবে ৮৯ টাকা ৯৫ পয়সায়।
আমদানি পণ্যের দাম ও জাহাজভাড়া বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে আমদানি ব্যয় বেড়ে গেছে প্রায় ৪৪ শতাংশ। রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে সেই খরচ মেটানো যাচ্ছে না। এতে ডলারের সংকট তৈরি হচ্ছে। সংকট সামলাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সবাই এক দাম দিলে ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসবে। কারণ, হুন্ডিতে এত আয় স্থানান্তর সম্ভব নয়। ফলে নতুন সিদ্ধান্তে ব্যাংক ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য কমে আসবে। এতে সংকট কেটে যেতে পারে।