প্রাইম ব্যাংককে ৫ কোটি ডলার সহায়তা দিয়েছে আইএফসি

বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশের বেসরকারি খাতের প্রাইম ব্যাংককে ৫ কোটি (৫০ মিলিয়ন) মার্কিন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

আইএফসি জানিয়েছে, কোভিড মহামারির ফলে সৃষ্টি হওয়া ‘বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলায় রপ্তানি এবং আমদানিভিত্তিক ব্যবসায় সহায়তা’ করার জন্য এই ঋণ দেওয়া হচ্ছে। এই অর্থায়ন প্যাকেজ আইএফসি’র ‘ফাস্ট ট্র্যাক কোভিড-১৯ সুবিধা’-এর অংশ। বিভিন্ন দেশ ও বেসরকারি খাতে চলতি মূলধন ঘাটতি মোকাবিলার জন্য এই প্রকল্প পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশে বাণিজ্য ও বৈদেশিক মুদ্রার তারল্য চাহিদা মেটাতে এই অর্থায়ন সহায়তা করবে এ কথা উল্লেখ করে আইএফসি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে অপ্রত্যাশিতভাবে বিশ্ব বাজারে বৈদেশিক মুদ্রার তারল্য বাধাগ্রস্ত হয়েছে। এ রকম অবস্থায় এই অর্থায়নের মাধ্যমে প্রাইম ব্যাংক তার আমদানি ও রপ্তানি নির্ভর গ্রাহকদের জন্য ঋণ সম্প্রসারণ করতে পারবে।

এর ফলে উদ্যোক্তারা তাঁদের ব্যবসা সচল রাখতে, রপ্তানি পুনরায় শুরু করতে ও এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ও রশিদ বলেন, এসএমই গ্রাহকদের উদ্দেশ্য করে দেওয়া পাঁচ কোটি মার্কিন ডলারের এই সুবিধা প্রাইম ব্যাংকের এসএমই পোর্টফোলিও উন্নয়নে সহায়তা করবে।

আইএফসির আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের আঞ্চলিক শিল্প পরিচালক অ্যালেন ফোরলেমু বলেন, করোনা মহামারির প্রভাব বাংলাদেশের প্রধান প্রধান শিল্প খাতের অনেক ব্যবসায় এখনো রয়ে গেছে। এসব প্রতিষ্ঠান কার্যকরভাবে তাদের পরিচালনা করতে পারছে না। আইএফসির এই তহবিল দেশের এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

অ্যালেন ফোরলেমু আরও বলেন, করোনায় বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি আকারের (এসএমই) ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএফসির তহবিল থেকে এসব প্রতিষ্ঠান সবচেয়ে বেশি উপকৃত হবে। এর মাধ্যমে তারা তাদের বাণিজ্য চলমান রাখা ও চলতি মূলধনের সুবিধা পেতে পারে।

করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলোকে চলতি মূলধন সহায়তা এবং বিভিন্ন কোম্পানিকে তারল্য সহায়তা হিসেবে ৩১ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে। এ ছাড়া ২০১০ সাল থেকে আইএফসি বাংলাদেশে বেসরকারি খাতের প্রবৃদ্ধি অর্জনে অর্থ সহায়তা দিচ্ছে। এখন পর্যন্ত সংস্থাটি ৩৬০ কোটি ডলার বিনিয়োগ করেছে।