পূবালী ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পূবালী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, সিএফও প্রমুখ উপস্থিত ছিলেন
ছবি: পূবালী ব্যাংক

পূবালী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত মঙ্গলবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ সালে সমাপ্ত বছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পূবালী ব্যাংক।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান। সভায় ব্যাংকের পরিচালকদের মধ্যে হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমদ, আরিফ আহমেদ চৌধুরী, শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ ও সাজিদ আজাদ; স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী; ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী; প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ লিটন মিয়া এবং কোম্পানি সচিব মো. আনিসুর রহমান অংশ নেন।

চেয়ারম্যান মনজুরুর রহমান বলেন, ‘বৈশ্বিক ও দেশীয় অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও পূবালী ব্যাংক সুশাসন, বিচক্ষণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং শক্তিশালী মূলধন ভিত্তির মাধ্যমে একটি আস্থাশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অবস্থান সুদৃঢ় করেছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ব্যাংকের ২০২৫ সালের আর্থিক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জানান, আলোচ্য বছরে ব্যাংকের মোট সম্পদ ১ লাখ ১৮ হাজার ১৩ কোটি টাকা এবং আমানত ৮৯ হাজার ৫১৯ কোটি টাকায় উন্নীত হয়েছে। একই সময়ে ব্যাংক নিট মুনাফা করেছে ১ হাজার ৭৯ কোটি টাকা। এ ছাড়া পূবালী ব্যাংক ২ দশমিক ২০ শতাংশ এনপিএল (নন-পারফর্মিং লোন) অনুপাত বজায় রেখে সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূবালী ব্যাংকের ডিজিটাল রূপান্তর অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের ডিজিটাল মাধ্যমে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫ দশমিক ২৮ লাখে পৌঁছেছে এবং এর মাধ্যমে ১ কোটি ৮৬ লাখ লেনদেন সম্পন্ন হয়েছে।