ব্যাংকার মো.নুরুল আজীম ৩ ফেব্রুয়ারি সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সীমান্ত ব্যাংকে যোগদানের আগে তিনি ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং খাতে প্রায় ২৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন নুরুল আজীম বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রিমিয়ার ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে তিনি সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এসবিএসি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগে কাজ করেন।
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে যোগদানের আগে তিনি এসবিএসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মকালীন তিনি বিভিন্ন পর্যায়ে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবেও ব্যাংকটির নেতৃত্ব দেন।
মো. আজীম কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) ও এমএ সম্পন্ন করেন। তিনি দেশের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো থেকে মানি লন্ডারিং প্রতিরোধ, গ্রিন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিং, ব্র্যাঞ্চ ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যান্ড মার্চেন্ট ব্যাংকিং, লেন্ডিং রিস্ক অ্যানালাইসিস, এনভায়রমেন্ট রিস্ক ম্যানেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।